ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, মামলা দায়ের ও অভিযোগপত্র দাখিলের পাশাপাশি অবৈধ সম্পদ শনাক্ত, ক্রোক ও অবরুদ্ধের কার্যক্রমে গতি ফিরেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।
নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের পর থেকে গত ৩১ অক্টোবর পর্যন্ত ১৩৯টি নতুন মামলা অনুমোদন, ৪৭টি অভিযোগপত্র দাখিল এবং আদালতের আদেশে ১ হাজার ২৫১ কোটি ২০ লাখ টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে।
চলতি বছরের ১৯ আগস্ট নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর ৩১ অক্টোবর পর্যন্ত ৪৬২ জনকে আসামি করে ১৩৯টি মামলা অনুমোদন করেছে কমিশন। একই সময়ে ১৭১ জনের বিরুদ্ধে ৪৭টি অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে।
দুদকের নিয়ন্ত্রণ কক্ষ এবং সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পৃথক প্রতিবেদন বিশ্লেষণে কমিশনের সাম্প্রতিক কার্যক্রমের এ চিত্র পাওয়া গেছে।
মামলা অনুমোদন, নতুন অনুসন্ধান শুরু, অভিযোগপত্র দাখিল এবং সম্পদ বিবরণী দাখিলের আদেশের পাশাপাশি আদালতের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ ক্রোক ও অবরুদ্ধের তথ্য কমিশনের কার্যক্রমের পরিধি তুলে ধরছে।
চলতি বছরের ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন।
পরে ১৭ আগস্ট সরকার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার করে নতুন দুর্নীতি দমন কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে। নতুন কমিশনের সদস্যরা ১৮ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগে যোগদানপত্র জমা দেন। পরদিন ১৯ আগস্ট তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের পর অক্টোবর পর্যন্ত পরিসংখ্যানে মামলা অনুমোদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য তৎপরতা দেখা যায়। দুদকের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ২৯৩ জনের বিরুদ্ধে ৫৪টি এজাহার বা এফআইআর অনুমোদন করা হয়। এ মাসে ৮৭ জনের বিরুদ্ধে ২২টি অভিযোগপত্র এবং ২১ জনকে অব্যাহতি দিয়ে চারটি চূড়ান্ত প্রতিবেদন (এফআর) অনুমোদন দেয় কমিশন। একই সময়ে ২০৬টি নতুন অনুসন্ধান শুরু, ছয়টি অনুসন্ধান পরিসমাপ্তির মাধ্যমে নিষ্পত্তি এবং ২৪টি সম্পদ বিবরণী দাখিলের আদেশ অনুমোদন করা হয়।
অক্টোবর মাসে মামলার সংখ্যা আরও বেড়েছে। এ মাসে ১৬৯ জনের বিরুদ্ধে ৮৫টি এজাহার অনুমোদন করে কমিশন। ৮৪ জনের বিরুদ্ধে ২৫টি অভিযোগপত্র এবং ১৩ জনকে অব্যাহতি দিয়ে পাঁচটি চূড়ান্ত প্রতিবেদন অনুমোদন করা হয়। এ ছাড়া ৬৭টি নতুন অনুসন্ধান শুরু, ১০টি অনুসন্ধান পরিসমাপ্তির মাধ্যমে নিষ্পত্তি এবং ৫৭টি সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হয়।
দুই মাসের তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে এজাহার অনুমোদনের সংখ্যা ৩১টি বেড়েছে। একই সময়ে অভিযোগপত্রের সংখ্যা ২২টি থেকে বেড়ে ২৫টিতে দাঁড়িয়েছে। সম্পদবিবরণী দাখিলের আদেশের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। সেপ্টেম্বরের ২৪টি আদেশের বিপরীতে অক্টোবরে এ সংখ্যা বেড়ে ৫৭টিতে দাঁড়িয়েছে। অন্যদিকে, অনুসন্ধান নিষ্পত্তির সংখ্যা ছয়টি থেকে বেড়ে ১০টিতে দাঁড়িয়েছে।
সব মিলিয়ে দুই মাসে ১৩৯টি মামলায় ৪৬২ জনকে আসামি করা হয়েছে। ৪৭টি অভিযোগপত্রে ১৭১ জনকে অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে, নয়টি চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে ৩৪ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময়ে ২৭৩টি নতুন অনুসন্ধান শুরু এবং ১৬টি অনুসন্ধান পরিসমাপ্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।
মামলা ও অনুসন্ধানের পাশাপাশি অবৈধ সম্পদ শনাক্ত এবং আদালতের মাধ্যমে সম্পদ ক্রোক ও অবরুদ্ধের কার্যক্রমেও বড় অঙ্কের তথ্য পাওয়া গেছে। দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের প্রতিবেদন অনুযায়ী, আগস্ট মাসে ক্রোক করা সম্পদের মূল্য ২০ কোটি ৩৮ লাখ ১৭ হাজার টাকা। এ মাসে ৬৭টি ব্যাংক হিসাবে ১৮৩ কোটি ৮৪ লাখ ১২ হাজার ৫১৯ টাকা অবরুদ্ধ করা হয়।
সেপ্টেম্বর মাসে ক্রোক করা সম্পদের মূল্য দাঁড়ায় ৬৮ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭৬ টাকা। এ মাসে ৬৫টি ব্যাংক হিসাব, ১৩টি সঞ্চয়ী হিসাব, ১৭টি সঞ্চয়পত্র, ১৭টি এফডিআর, তিনটি বিও হিসাব, একটি প্রকল্পের বিনিয়োগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার অবরুদ্ধ করা হয়। এসব অবরুদ্ধ সম্পদের মোট মূল্য ৮০৮ কোটি ৭ লাখ ৩৯ হাজার ৫৯৮ টাকা।
অক্টোবর মাসে ক্রোক করা সম্পদের মূল্য ২ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৩৮০ টাকা। এ মাসে ১৮টি ব্যাংক হিসাব, ১৫টি সঞ্চয়ী হিসাব, দুটি সঞ্চয়পত্র, ১৬২টি এফডিআর, শেয়ার, বৈদেশিক মুদ্রা ও কল্যাণ সমিতিতে থাকা অর্থ অবরুদ্ধ করা হয়। এসব সম্পদের মোট মূল্য ১৬৭ কোটি ২৫ লাখ ৯১ হাজার ৮৩৮ টাকা।
তিন মাসের হিসাব পর্যালোচনায় দেখা যায়, আদালতের আদেশে ক্রোক করা স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য ৯২ কোটি ৩ লাখ ২০ হাজার ৫৫৬ টাকা। অন্যদিকে, অবরুদ্ধ করা অর্থ ও সম্পদের পরিমাণ ১ হাজার ১৫৯ কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৯৫৫ টাকা। সব মিলিয়ে তিন মাসে ক্রোক ও অবরুদ্ধ সম্পদের মোট মূল্য ১ হাজার ২৫১ কোটি ২০ লাখ ৬৪ হাজার ৫১১ টাকা।
দুদকের সচিব মো. সাইদুর রহমান খান বাসসকে বলেন, প্রায় সাড়ে পাঁচ মাস কমিশন ছিল না। ওই সময়ে অনেক অভিযোগ ও কাজ জমা হয়েছে, যেগুলো এখন ধীরে ধীরে কমিশনের কাছে আসছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। যেসব অভিযোগ বেশি গুরুত্বপূর্ণ এবং যেগুলোর সঙ্গে জনস্বার্থ ও জনসম্পৃক্ততা রয়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সামনে নিয়ে আসা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জনগণের আস্থা অর্জনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অতীতে প্রতিষ্ঠানটিকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তাতে এটিকে পেশাদার প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে দেওয়া হয়নি। নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল, দলীয় প্রভাব ছিল।
তিনি বলেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত এ ধরনের কোনো চাপ অনুভব করা হয়নি। কমিশন স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। এভাবে কাজ করতে পারলে মানুষ সুফল পাবে বলে তার বিশ্বাস। জনগণের প্রত্যাশা পূরণেও কমিশন সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সূত্র. বাসস//


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-22_20-48-42-861.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-22_17-49-30-924.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-22_17-50-19-760.jpg)



![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-21_01-07-51-851.jpg)







