সর্বশেষ
সর্বশেষ

রংপুরে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে গাইনি ও প্রসূতি সেবার উদ্বোধন

রংপুরে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে গাইনি ও প্রসূতি সেবার উদ্বোধন

জালাল উদ্দীন, রংপুর :
রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) উদ্যোগে নগরীর মাহিগঞ্জে অবস্থিত শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে নিয়মিত গাইনি, প্রসূতি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
‘সুস্থ মা, সুস্থ শিশু—স্বাস্থ্যসেবায় এগিয়ে রংপুর’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালকে একটি টেকসই ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তর করা প্রয়োজন। প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে হাসপাতালটি পরিচালনা এবং সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া গেলে এ অঞ্চলের মানুষ দীর্ঘমেয়াদে উপকৃত হবেন। ভৌগোলিক অবস্থানের কারণে আশপাশের পাঁচ থেকে ছয়টি ওয়ার্ডের মানুষের জন্য হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, হাসপাতালটির উন্নয়ন ও সেবার মান বাড়াতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তবে প্রতিষ্ঠানটিকে নিজেদের সম্পদ মনে করে এর পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয়দেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যেন নিরাপদ ও সুন্দর পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়েও সবাইকে সহযোগিতা করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালটিকে একটি মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রংপুরের সাবেক সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায় এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও রসিকের স্বাস্থ্য বিভাগের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ।
এ সময় বক্তব্য রাখেন রংপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার অনিমা মল্লিক, হাসপাতালের সহকারী সার্জন ডা. ইসমত নিগার স্বপ্না, ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মালেক নিয়াজ আরজু, স্থানীয় প্রতিনিধি জাহাঙ্গীর আলম রাজু, আহসানুল কবীব আঙ্গুর, আলহাজ লোকমান হোসেন মোল্লা এবং রংপুর মহানগর বিএনপির ৩০ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি খায়রুল আলম।
রংপুর বেতারের সংবাদ পাঠিকা মীফতাহুল জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রসিকের প্রশাসনিক কর্মকর্তা মো. নাঈমুল হক, স্বাস্থ্য শাখার শাখাপ্রধান মোহাম্মদ আলীসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে স্থানীয়রা হাসপাতালের স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণের দাবি জানান। নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে একজন গাইনি বিশেষজ্ঞ, একজন মেডিসিন বিশেষজ্ঞ ও একজন শিশু রোগ বিশেষজ্ঞ নিয়োগের পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স প্রদানের দাবি উত্থাপন করেন তারা।

সংশ্লিষ্টরা জানান, নতুন এ কার্যক্রমের আওতায় হাসপাতালে নিয়মিত গাইনি, প্রসূতি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে। বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে গাইনি, প্রসূতি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।###

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]