সর্বশেষ
সর্বশেষ

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম

জারাল উদ্দিন,রংপুর, রংপুর প্রতিনিধি :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধীদল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তার ভাইদের সঙ্গে নিয়ে স্টেডিয়াম দুটির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। মীর শাহে আলম বলেন, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক, বাংলাদেশে তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাবেদারি করবে না।প্রতিমন্ত্রী বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলনে বাংলাদেশের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ।তার স্মৃতি ধরে রাখা, মানুষের হৃদয়ে অম্লান রাখা এবং জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়াম দুটির নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়াম দুটি উদ্বোধন করা হলো। রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, বাংলাদেশকে নতুন করে তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র যারা করছে, তাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, দীর্ঘ আন্দোলনের পর এ দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। এই বাংলাদেশ আর কারও তাবেদারি করবে না।দেশের জনগণ, স্বাধীনতা ও লাল-সবুজের পতাকার পক্ষে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সবকিছু করা হবে।আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গত জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে আপনারা লক্ষ্য করেছেন, পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশের দুই-একটি জায়গায় পেট্রল বোমা মেরে, থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। তারা ভেবেছে, এভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদের মতো শহীদদের আত্মত্যাগকে বিসর্জন দিয়ে নতুন করে কিছু একটা করতে পারবে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না।তিনি বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল।এ কারণে আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো কিছু নির্মূল করতে চায় না সরকার। মানবিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করা হয়েছে। তবে সরকারের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। থানা ও সরকারি প্রতিষ্ঠান নিয়ে মীর শাহে আলম বলেন, কোনো জেলার মানুষ যদি মনে করে তাদের সেখানে থানার প্রয়োজন নেই, তাহলে সরকার সেখানে থানা রাখবে না। একইভাবে কোনো জেলার মানুষ যদি মনে করে সেখানে সরকারি অফিস, আদালত ও উন্নয়ন প্রয়োজন নেই, তাহলে সরকার সেগুলোও করবে না। জনগণ কি চায়, তার ওপরই এসব নির্ভর করবে। আওয়ামী লীগের নিষিদ্ধের যৌক্তিকতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। অগ্নিসংযোগ, গাড়িতে আগুন, বিভিন্ন স্থানে বোমা হামলা, হত্যাযজ্ঞ ও গুমের মাধ্যমে দলটি অতীতে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা আবারও নিজেদের সন্ত্রাসী চরিত্র প্রমাণ করেছে। আন্তর্জাতিক পর্যায়েও সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদের পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে।তিনি আরো বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত সঠিক ও যৌক্তিক ছিল বলে প্রমাণিত হয়েছে। এখন নতুন করে বিষয়টি ভাবার সময় এসেছে। সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া চলছে, সেখানে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হলে বর্তমান সরকার ও বিরোধীদল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে। রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের জন্য আন্তর্জাতিক মানের স্টেডিয়াম প্রয়োজন। জনবহুল রাষ্ট্র হিসেবে সব এলাকার মানুষের সমান অধিকার রয়েছে। কোনো এলাকায় আন্তর্জাতিক মানের খেলার আয়োজন যেমন গৌরবের, তেমনি সেই এলাকার দর্শকদেরও আন্তর্জাতিক খেলা উপভোগ করার অধিকার রয়েছে।তিনি জানান, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারের জন্য ইতোমধ্যে ৫৪ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ ছাড়া স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের উপযোগী করতে আরো যেসব উন্নয়ন প্রয়োজন, সেগুলোও করা হবে। প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজার সময় প্রধানমন্ত্রী রংপুর সফরে এসে দেশের সব অঞ্চলের সমউন্নয়নের কথা বলেছেন। এরই ধারাবাহিকতায় রংপুর সিটি করপোরেশনের সংস্কার ও অবকাঠামো উন্নয়নের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন এ অঞ্চলের আরো ব্যাপক উন্নয়নের জন্য নতুন কর্মসূচি বা ডিপিপি প্রণয়ন করে জমা দিলে সেগুলো বাস্তবায়নের জন্য অনুমোদন দেওয়া হবে বলেও জানান তিনি।প্রতিমন্ত্রী বলেন, বৃহত্তর রংপুর অঞ্চলের সব জেলার উন্নয়নের জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। শুধু রংপুর জেলার উন্নয়নের জন্য সাড়ে ৫০০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এ ছাড়া গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার জন্য পৃথকভাবে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।উত্তরাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন, দ্বিতীয় যমুনা সেতু কোথায় নির্মাণ করা হলে রংপুর বিভাগের মানুষ ও এ অঞ্চলের বাসিন্দারা বেশি সুবিধা পাবেন, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ জন্য দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা যাচাই করতে সেতু মন্ত্রণালয় ও সেতু কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]