সর্বশেষ
সর্বশেষ

Day: November 26, 2026

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি : রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনে অংশ নিতে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টায় তফসিল অনুযায়ী রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রাধুনী হোটেল-সংলগ্ন নির্বাচন পরিচালনা কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. তানবীর হোসেন আশরাফীর কাছ থেকে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন সাতবার নির্বাচিত সাবেক সহ সভাপতি ও বর্তমান সহ সভাপতি প্রার্থী মো. মতিয়ার রহমান। এরপর মনোনয়নপত্র সংগ্রহ করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম, সভাপতি পদপ্রার্থী মো. আনিছুল হক বিপ্লব এবং সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. তৌহদুল ইসলাম তুষারসহ বিভিন্ন পদের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন টার্মিনাল দোকান মালিক সমিতির সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. মাসুদ রানা, কমিশনার মো. জোবায়দুল ইসলাম, এম ওয়াই রাকিবুজ্জামান বাটুল, মো. ফজলুল করিম, মাসুদ রানা মাসুম, মো. শামীম, মো. মাহাবুব হোসেন সরকারসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের আবু হোরায়রা (রা.) মাদ্রাসা প্রাঙ্গণে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

Read More »

তথ্য সচিবকে নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

তথ্য সচিবকে নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৬ নভেম্বর): সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি একটি অসাধু ও স্বার্থান্বেষী চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে তাঁর ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এই চক্রটি হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে অত্যন্ত গর্হিত ও আইনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত । এ ধরনের জালিয়াতি ও মিথ্যাচার প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ এবং প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী। এমনকি তথ্য অধিদফতরের গোচরীভূত হয়েছে যে, এ দফতরের একজন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসারের স্বাক্ষর জাল করে তার নামে সরকারের উচ্চতর দপ্তরে বিভ্রান্তিকর চিঠি প্রেরণ করা হয়েছে, যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। এ বিষয়ে উক্ত কর্মকর্তা কিছুই জানেন না। উল্লেখ্য, মাহবুবা ফারজানা বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের একজন অত্যন্ত দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তিনি ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। অথচ এই দীর্ঘ কর্মজীবনের প্রায় ২৬ বছর তাঁকে এন্ট্রি লেভেল, সিনিয়র সহকারী সচিব ও উপসচিব পদেই দায়িত্ব পালন করতে হয়েছে। বিগত আমলে মোট আটবার তাঁকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি ছয় বছর নিজের চেয়ে তিন ব্যাচের জুনিয়র কর্মকর্তাদের অধীনেও তাকে কাজ করতে হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর অবশেষে তার বিষয়টি পর্যালোচনা করে নিয়ম অনুযায়ী পদোন্নতির মাধ্যমে তিনি প্রশাসনের সর্বোচ্চ ‘সচিব’ পদ অলংকৃত করেন। সচিব হিসেবে দায়িত্ব পালনে গত দুই বছরে তিনি সর্বোচ্চ সততা, নিষ্ঠা, নিয়মনীতি, বিধিবিধান ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন। তথ্য মন্ত্রণালয়কে তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও পরিচ্ছন্ন প্রশাসনিক কাঠামোর মধ্যে পরিচালিত করার চেষ্টা করেছেন। সচিব তাঁর ওপর অর্পিত দায়িত্ব Rules of Business অনুযায়ী পালন করেছেন। অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমেও প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করেছেন। কোনো বিশেষ গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দেওয়া কিংবা প্রশাসনিক নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিগত বা গোষ্ঠী স্বার্থ রক্ষার সুযোগ তিনি দিতে চাননি। দীর্ঘ কর্মজীবনের শেষ প্রান্তে এসেও তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও সুনামের সাথে তাঁর ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। একজন উচ্চ পদস্থ ও মর্যাদাসম্পন্ন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের বানোয়াট অপপ্রচার কেবল অনভিপ্রেতই নয়, বরং তা রাষ্ট্রীয় প্রশাসনের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস। তথ্য অধিদফতরের পক্ষ থেকে এই অপপ্রচারের প্রতিবাদ জানানো হচ্ছে। সংশ্লিষ্ট স্বার্থান্বেষী মহলকে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে অবিলম্বে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে। অন্যথায়, এই অপপ্রচারের সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read More »

একনেকে ২৪,১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঢাকা, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা ও সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা জোগান দেওয়া হবে। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত ও একটির মেয়াদ বাড়ানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর একটি হলো আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপনের দ্বিতীয় সংশোধিত প্রকল্প। অন্যটি হলো যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল ও আনুষঙ্গিক ভবন নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের দ্বিতীয় সংশোধিত প্রকল্প। চরফ্যাশন উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থ দফায় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। এদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পও অনুমোদন পেয়েছে। এগুলো হলো পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (পিডিআরআইডিপি) প্রকল্প, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রস্তাবিত দ্বিতীয় সংশোধনী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাগুলো টেকসই করতে হেরিং বোন বন্ড (এইচবিবি) করার দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের প্রস্তাবিত চতুর্থ সংশোধনীও অনুমোদন পেয়েছে। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে—বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতায় ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর প্রকল্প এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে আরইবির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর প্রকল্প। কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় ৬৪/২এ ও ৬৪/২বি নম্বর পোল্ডার পুনর্বাসন প্রকল্পের অনুমোদন পেয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এসব প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন। প্রকল্পগুলো হলো চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী; বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প (এফআরইএপি); কেন্দ্রীয় প্যাকিং হাউসের উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানের পরীক্ষাগারে রূপান্তর; ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ; বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন; ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি, বি) শক্তিশালীকরণ এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর অংশ নেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। সূত্র. ইউ এন বি

Read More »

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যত্ন নিতে না পারলেও অন্তত কোনো প্রাণীর ক্ষতি করা থেকে যেন আমরা সবাই বিরত থাকি। প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা পরিবারের শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ মনোভাব গড়ে তুলতে পারলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’ তারেক রহমান বলেন, ‘অনেক সময় আশপাশে দেখা যায়, মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে। তাদের কষ্ট দেয়। এটি কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত।’ কোনো প্রাণীর প্রাণে কষ্ট না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘কোনো প্রাণীর উপকার করতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।পাশাপাশি সম্ভব হলে আশপাশের জীবজন্তুর যত্ন নিতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’ শিশুদের মধ্যে প্রাণীকূলের প্রতি যত্ন নেয়ার মানসিকতা তৈরি করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবারের বিভিন্ন বয়সী শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই জীবজন্তুর প্রতি মমত্ববোধ ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। তাদের বোঝাতে হবে, আমাদের চারপাশের প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে।’ তিনি আশা করেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতার মানসিকতা তৈরি করা গেলে এমন একটি সুন্দর পরিবেশ ও বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বসবাস করতে পারবে এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থান নিশ্চিত হবে।’ এর আগে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সূত্র , বাসস

Read More »

বৃহস্পতিবার শুরু হলো ৩ দিনব্যাপী রংপুর জেলা ইজতেমা

বৃহস্পতিবার শুরু হলো ৩ দিনব্যাপী রংপুর জেলা ইজতেমা জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি : বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হলো ৩ দিনব্যাপী তাবলিগ জামাতের রংপুর জেলা ইজতেমা। ২৬, ২৭ ও ২৮ নভেম্বর ৩ দিনব্যাপী এ ইজতেমায় রংপুর বিভাগের আট জেলার মুসল্লিদের পাশাপাশি দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহন করবেন। শনিবার (২৮ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে। রংপুর মহানগরীর তাজহাট এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের তাওহীদ হাউজিং, দর্শনা মোড় সংলগ্ন সূত্রাপুর-আক্কেলপুর এলাকাজুড়ে এবারের ইজতেমার আয়োজন করা হয়েছে। দীপ আই কেয়ার চক্ষু হাসপাতালের পাশের মাঠসহ নির্ধারিত এলাকায় ইজতেমার কার্যক্রম অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় বয়ান, তালিম, দ্বীনি আলোচনা, জিকির-আসকার ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, রংপুর বিভাগের বিভিন্ন জেলা এবং দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমা ময়দান মুখরিত হয়ে উঠবে। শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, ঐক্য এবং কল্যাণ কামনা করে ইজতেমার সমাপ্তি ঘটবে।

Read More »

রংপুরে সেনা সদস্যের বাসা থেকে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২

রংপুরে সেনা সদস্যের বাসা থেকে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২ জালাল উদ্দিন রংপুর প্রতিনিধি: রংপুর নগরীরতে আরিফুল ইসলাম (২৯) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর ভগিবালাপাড়া এলাকার সেনা সদস্য শাহীন শেখের ভাড়া বাসা থেকে ত্রিপলে মোড়ানো লাশটি উদ্ধার করা হয়। অটোরিকশা চালক আরিফুল ইসলাম ভগিবালাপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা হলে পুলিশ গাইবান্ধা জেলার বাসিন্দা মোজাফফর মিয়ার ছেলে শাহীন শেখ (২৫) ও ভগিবালাপাড়ার আবেদ মিয়ার ছেলে রাসেল মিয়াকে (২৯) গ্রেপ্তার করেছে। বিকেলে এ তথ্য নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, গত ২৩ নভেম্বর সকাল সাড়ে ৬টায় নিজ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন আরিফুল। পরদিন ২৪ নভেম্বর আরিফুলের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার ভোরে সেনা সদস্য শাহীনের বাসা থেকে আরিফুলের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে আরিফুলকে মসলা বাটার শীলপাটা দিয়ে মাথায় আঘাত করাসহ গলা কেটে হত্যা করা হয়েছে।ওসি ওয়াদুদ আলম বলেন, হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় শাহীন শেখ সেনাবাহিনীর হাতে আটক রয়েছে এবং রাসেল মিয়াকে আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ জানান,মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটতে পারে । তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Read More »

রংপুরে শিক্ষক পরিবার খুন, মাদক সেবন নয়, চুরির জন্য ছাদে অপেক্ষা দেখে ফেলায় ৪ জনকে হত্যা

রংপুরে শিক্ষক পরিবার খুন, মাদক সেবন নয়, চুরির জন্য ছাদে অপেক্ষা দেখে ফেলায় ৪ জনকে হত্যা জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি: তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। আলোচিত এ হত্যাকাণ্ডের পর পরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। তারা দুইজন বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাদের জবানবন্দির সঙ্গে মিলেছে। সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরে গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী দাবি করেন এ হত্যাকাণ্ড চুরির উদ্দেশ্য থেকে সংঘটিত হয়েছে। তিনি বলেন, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য থেকেই দুই আসামি বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন। সনাতন চক্রবর্তী বলেন, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। তখন পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারা ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় তারা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ছাদের শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাদের দেখে ফেলেন। তখন তার গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী। পুলিশের দাবি, দুই আসামি তাদেরও হত্যা করেন। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়। পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়। উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কিছু স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাদের ভাষ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তদন্তে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের ছয় সদস্য ও দুই আসামির বাইরে অন্য কোনো ব্যক্তির ডিএনএর উপস্থিতি পাওয়া যায়নি। পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। সেই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় রয়েছে। মামলার তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ আছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে, এরপর অভিযোগ গঠন করা হবে। তারপর বিচার কার্যক্রম শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে। তবে পুলিশের দেওয়া ব্যাখ্যা মানতে নারাজ নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে, এটা খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ আছে। শুরু থেকেই বলে আসছি—দুইজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছি। কিন্তু আমাদের কথা গুরুত্ব পায়নি। আগের পুলিশ কমিশনার ঘটনার বর্ণনায় যা বলেছিলেন গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৩ আগস্ট দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয় মিলনায়তনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সংবাদ সম্মেলন করে জানান, শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির পার্শ্ববর্তী ভবনটি দেবু দাসের। সেই ভবন দিয়ে বৃহস্পতিবার ভোর রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ শিক্ষক গণপতির বাড়ির ছাদে উঠে আসেন। সেখানে বসে ইয়াবা সেবনের এক পর্যায়ে শব্দ পেয়ে ছাদে আসেন শিক্ষক গণপতি। তিনি ঘাড়ে গামছা নিয়ে ছাদে আসেন। তাদের দেখে ইয়াবা সেবনের ব্যাপারে প্রশ্ন করায় মুগ্ধ ও সিদ্ধার্থ তাৎক্ষণিক গণপতির ঘাড়ের গামছা গলায় পেঁচিয়ে তাকে নিমর্মভাবে হত্যা করেন। তিনি আরও বলেছিলেন, এ হত্যার সময় শিক্ষক গণপতি আওয়াজ করলে স্ত্রী প্রীতিলতা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকেন। ওত পেতে থাকা মুগ্ধ ও সিদ্ধার্থ সিঁড়িতেই ওই গামছা প্রীতিলতার গলায় পেঁচিয়ে হত্যা করেন। প্রীতিলতার চিৎকারে সিঁড়ির দিকে মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী এগিয়ে আসলে তাকেও গলায় গামছা পেঁছিয়ে হত্যার চেষ্টা করে মুগ্ধ ও সিদ্ধার্থ। এতেও সে মারা না গেলে রশি এনে তার গলায় ও মুখে পেঁচিয়ে জোরে টান দেন তারা। এতে আগামীর মুখের চোয়াল ভেঙে যায়। প্রায় ৫ মিনিট চেষ্টা করে হত্যা করা হয় আগামীকে। এরপর শিশু প্রিয়মের ঘরে এসে তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় মুগ্ধ ও সিদ্ধার্থ। চিনে ফেলতে পারে এমন শংঙ্কায় প্রিয়মকে ঘুমন্ত অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। আবদুল মাবুদ জানিয়েছেন, খুনের পর উত্তেজিত ছিল মুগ্ধ ও সিদ্ধার্থ। এরপর কিছুক্ষণ পর তারা শান্ত হলে প্রিয়মের বাথরুমে প্রথমে সিদ্ধার্থ গোসল করে। এরপর মুগ্ধ গোসল করে তাদের ডাইনিং টেবিলে বসে। সেখানে একটি বয়ামে থাকা খেঁজুর খায় তারা। এরপর ফ্রিজ থেকে শসা বের করে খাওয়ার পর দুইজন সেখানে ইয়াবা সেবন করেন। সকাল হয়ে গেলে তারা পালানোর পরিকল্পনা করতে থাকেন। জুমার দিন হওয়ায় নামাজের সময় শিক্ষক গণপতির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তারা। ঘটনাকে ডাকাতি বলে ভিন্নখাতে প্রবাহিত করতে মুগ্ধ ও সিদ্ধার্থ বাড়ির বিভিন্ন আসবাবপত্র তছনছ করে মেঝেতে ফেলে রাখেন। আলমারির ড্রয়ার ভেঙে সেখান থেকে স্বর্ণালংঙ্কার নিয়ে নেন। দুপুরে বের হওয়ার আগে গণপতি চক্রবর্তীর বাড়ির দুটি ফোন ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখেন। যেন ফোনে ফিঙ্গার প্রিন্ট না পাওয়া যায়। প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। মামলাটি রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ

Read More »