রংপুরে শিক্ষক পরিবার খুন, মাদক সেবন নয়, চুরির জন্য ছাদে অপেক্ষা দেখে ফেলায় ৪ জনকে হত্যা
জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি:
তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। আলোচিত এ হত্যাকাণ্ডের পর পরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। তারা দুইজন বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাদের জবানবন্দির সঙ্গে মিলেছে। সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরে গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী দাবি করেন এ হত্যাকাণ্ড চুরির উদ্দেশ্য থেকে সংঘটিত হয়েছে। তিনি বলেন, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য থেকেই দুই আসামি বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন। সনাতন চক্রবর্তী বলেন, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। তখন পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারা ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় তারা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ছাদের শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাদের দেখে ফেলেন। তখন তার গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী। পুলিশের দাবি, দুই আসামি তাদেরও হত্যা করেন। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়। পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়। উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কিছু স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাদের ভাষ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তদন্তে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের ছয় সদস্য ও দুই আসামির বাইরে অন্য কোনো ব্যক্তির ডিএনএর উপস্থিতি পাওয়া যায়নি। পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। সেই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় রয়েছে। মামলার তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ আছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে, এরপর অভিযোগ গঠন করা হবে। তারপর বিচার কার্যক্রম শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে। তবে পুলিশের দেওয়া ব্যাখ্যা মানতে নারাজ নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে, এটা খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ আছে। শুরু থেকেই বলে আসছি—দুইজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছি। কিন্তু আমাদের কথা গুরুত্ব পায়নি। আগের পুলিশ কমিশনার ঘটনার বর্ণনায় যা বলেছিলেন গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৩ আগস্ট দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয় মিলনায়তনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সংবাদ সম্মেলন করে জানান, শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির পার্শ্ববর্তী ভবনটি দেবু দাসের। সেই ভবন দিয়ে বৃহস্পতিবার ভোর রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ শিক্ষক গণপতির বাড়ির ছাদে উঠে আসেন। সেখানে বসে ইয়াবা সেবনের এক পর্যায়ে শব্দ পেয়ে ছাদে আসেন শিক্ষক গণপতি। তিনি ঘাড়ে গামছা নিয়ে ছাদে আসেন। তাদের দেখে ইয়াবা সেবনের ব্যাপারে প্রশ্ন করায় মুগ্ধ ও সিদ্ধার্থ তাৎক্ষণিক গণপতির ঘাড়ের গামছা গলায় পেঁচিয়ে তাকে নিমর্মভাবে হত্যা করেন। তিনি আরও বলেছিলেন, এ হত্যার সময় শিক্ষক গণপতি আওয়াজ করলে স্ত্রী প্রীতিলতা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকেন। ওত পেতে থাকা মুগ্ধ ও সিদ্ধার্থ সিঁড়িতেই ওই গামছা প্রীতিলতার গলায় পেঁচিয়ে হত্যা করেন। প্রীতিলতার চিৎকারে সিঁড়ির দিকে মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী এগিয়ে আসলে তাকেও গলায় গামছা পেঁছিয়ে হত্যার চেষ্টা করে মুগ্ধ ও সিদ্ধার্থ। এতেও সে মারা না গেলে রশি এনে তার গলায় ও মুখে পেঁচিয়ে জোরে টান দেন তারা। এতে আগামীর মুখের চোয়াল ভেঙে যায়। প্রায় ৫ মিনিট চেষ্টা করে হত্যা করা হয় আগামীকে। এরপর শিশু প্রিয়মের ঘরে এসে তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় মুগ্ধ ও সিদ্ধার্থ। চিনে ফেলতে পারে এমন শংঙ্কায় প্রিয়মকে ঘুমন্ত অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়।
আবদুল মাবুদ জানিয়েছেন, খুনের পর উত্তেজিত ছিল মুগ্ধ ও সিদ্ধার্থ। এরপর কিছুক্ষণ পর তারা শান্ত হলে প্রিয়মের বাথরুমে প্রথমে সিদ্ধার্থ গোসল করে। এরপর মুগ্ধ গোসল করে তাদের ডাইনিং টেবিলে বসে। সেখানে একটি বয়ামে থাকা খেঁজুর খায় তারা। এরপর ফ্রিজ থেকে শসা বের করে খাওয়ার পর দুইজন সেখানে ইয়াবা সেবন করেন। সকাল হয়ে গেলে তারা পালানোর পরিকল্পনা করতে থাকেন। জুমার দিন হওয়ায় নামাজের সময় শিক্ষক গণপতির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তারা। ঘটনাকে ডাকাতি বলে ভিন্নখাতে প্রবাহিত করতে মুগ্ধ ও সিদ্ধার্থ বাড়ির বিভিন্ন আসবাবপত্র তছনছ করে মেঝেতে ফেলে রাখেন। আলমারির ড্রয়ার ভেঙে সেখান থেকে স্বর্ণালংঙ্কার নিয়ে নেন। দুপুরে বের হওয়ার আগে গণপতি চক্রবর্তীর বাড়ির দুটি ফোন ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখেন। যেন ফোনে ফিঙ্গার প্রিন্ট না পাওয়া যায়। প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। মামলাটি রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলে উপস্থিত থাকার সতত্যা পাওয়া গেছে। আলামত হিসেবে সংগ্রহ করা নমুনা পরীক্ষা অর্থাৎ ডিএনএ করে তাদের শনাক্ত করা হয়েছে। এর আগে, হত্যাকাণ্ডের ৯ দিন পর আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্ট করা হয়। এতে তাদের শরীরে মাদক সেবনের প্রমাণ মেলেনি। আলোচিত এই হত্যাকাণ্ডে দুই আসামির পক্ষে একাই চারজনকে হত্যার বিষয়টি অবিশ্বাস্য দাবি করে আসামিদের পাশাপাশি অন্য জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারাসহ মানবাধিকার সংগঠনগুলো।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-26_21-41-41-201.jpg)



![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-26_18-12-14-340.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-26_18-05-09-476.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-25_22-58-46-920.jpg)







