আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর চাবাহারে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজসাইট মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি তালেবান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল ইরান সফর করেছে। এ সময় উভয় দেশের মাঝে একটি অর্থনৈতিক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেখানে তালেবান সরকার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর চাবাহারে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার কথা রয়েছে।
সূত্র আরো জানিয়েছে, গত ২০২৩ সালে হিরমান্দ নদী থেকে পানি বণ্টন নিয়ে তেহরান ও কাবুলের মাঝে বিরোধ তৈরি হয়। ওই রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এমন একটি চুক্তি অনেককেই অবাক করেছে।
ইরানের জাতীয় দৈনিক শার্ঘ জানিয়েছে, এই টানাপোড়েন এড়িয়েই ইরানে বিনিয়োগ করতে আগ্রহী তালেবান। তারা চাবাহার বন্দর এবং চাবাহারমুক্ত অর্থনৈতিক অঞ্চলে বাণিজ্যিক, আবাসিক এবং সরকারি প্রকল্পগুলোতে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চায়।
জাতীয় দৈনিকটি জানিয়েছে, এই চুক্তির মধ্য দিয়ে আফগান ব্যবসায়ীরা প্রথমবারের মতো ইরানের সরকারী প্রকল্পগুলোতে বিনিয়োগের সুযোগ লাভ করবে। অবশ্য এর আগে ২০২১ সালে তালেবানের ক্ষমতায় আসার আগে আফগানিস্তানে বিনিয়োগ করেছিল ইরান।
দৈনিক শার্ঘ এক তালেবান কর্মকর্তার সূত্রে জানিয়েছে, এই ধরনের বিনিয়োগে তাদের লক্ষ্য হলো, তাদের ল্যান্ডলকড দেশকে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের পথ প্রশস্ত করা।
এদিকে, আফগানিস্তানে ইরানের রাষ্ট্রদূত হাসান কাজেমি কওমি ঘোষণা করেছেন, দুই দেশ ভারত ও চীনের মধ্য দিয়ে একটি ট্রানজিট করিডোর খোলার জন্য একসাথে কাজ করছে।
তিনি আরো বলেন, ‘আফগানিস্তান বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময়ী দেশ। আমরা তাদের কৃষির উন্নয়নে জোর দিই। তাদের খনি শিল্পেও বিনিয়োগ করতে আগ্রহী আমরা।
উল্লেখ্য, ইরান আফগানিস্তানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার। তথাপি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তালেবান ক্ষমতায় এলে তেহরান তাদের দূতাবাস চালু করলেও আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দেয়নি।
সূত্র : মিডল ইস্ট আই
















