জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের বঞ্চিত ও চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারীরা গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডসহ ন্যায্য আর্থিক সুবিধা প্রদানের দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল (১৯ জুলাই) রোববার বোলা ১২টায় রংপুর প্রেস ক্লাবের সামেন অনুষ্ঠিত মানববন্ধনে সিনিয়র খামার ব্যাবস্থাপক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন মোছাঃ মাহবুবা আক্তার, মোঃ জিল্লুর রহমান, মোঃ মজিবর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন প্রতিষ্ঠানটিতে কর্মরত থাকলেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। পরবর্তীতে ভয়ভীতি ও বিভিন্ন চাপের মুখে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। তারা দাবি করেন, চাকরি শেষে আইন অনুযায়ী প্রাপ্য গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য আর্থিক সুবিধা থেকে অধিকাংশ কর্মচারীকে বঞ্চিত করা হয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, তাদের ন্যায্য পাওনার দাবিতে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হলেও আদালতের নির্দেশনাও বাস্তবায়ন করা হয়নি বলে দাবি করেন তারা। এ সময় তারা প্রভিডেন্ট ফান্ডের অর্থে অনিয়ম, সদস্যদের সঞ্চয়ের টাকা ও অন্যান্য আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
পাশাপাশি চাকরি ছাড়ার জন্য চাপ প্রয়োগ এবং কয়েকজন সাবেক কর্মচারীর সঙ্গে অসদাচরণের অভিযোগেরও সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মানববন্ধন থেকে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডসহ সকল বকেয়া পাওনা দ্রুত পরিশোধ এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
















