জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরের নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেছেন, “আমি স্বল্প সময়ের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি রংপুরে এসেছি। একজন নারী হিসেবে আমার যথেষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে। রংপুরের সুধীজনকে সঙ্গে নিয়েই সেই দায়িত্বগুলো পালন করতে চাই।”তিনি বলেন, “১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
”জেলা প্রশাসক আরও বলেন, রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সচল রাখা, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, ইভটিজিংসহ সব ধরনের অপরাধ প্রতিরোধ, যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ, অবৈধ বালু উত্তোলন বন্ধসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন কাজ সাংবাদিকসহ রংপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে করতে চান।তিনি বলেন, “এখানে উপস্থিত সাংবাদিকদের চোখ দিয়ে রংপুরের বাস্তব চিত্র ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করি। সাংবাদিকদের সহযোগিতা নিয়ে জনগণের কল্যাণে কাজ করতে চাই।
”(২৭ আগস্ট) সকাল ১১টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, আমার দেশ-এর প্রতিনিধি বাদশা ওসমানী, চ্যানেল আইয়ের রংপুর প্রতিনিধি মেরিনা লাভলী, সাংবাদিক জয়নাল আবেদীন, সিদ্দিকুর রহমান, শাহরিয়ার মিম, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, ঢাকা পোস্টের রংপুর প্রতিনিধি ফরহাদুজ্জামান ফারুক, সাংবাদিক সাইফুল ইসলাম,
আবুল হোসেন বাবলু, রবিন চৌধুরী জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। মতবিনিময় সভায় সাংবাদিকরা রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট, মাদক, জুয়া, অবৈধ দখল, বালু উত্তোলনসহ বিভিন্ন জনসমস্যা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। নতুন জেলা প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।.
















