জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক ও রংপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক বিশিষ্ট রাজনীতিক আশরাফ হোসেন বড়দা (৮৫) আর নেই। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, আত্নীয়স্বজন ও শুভান্যুধায়ী রেখে গেছেন । গতকাল (২৪ জানয়ারী) শুক্রবার বাদ জুমা রংপুর মহানগরীর গুপ্তপাড়া জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ শেষে নূরপুর কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলের বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি খালেকুজ্জামান খালেক সহ এলাকার সকল মুসল্লিগন।
আশরাফ হোসেন বড়দা ১৯৫২ সালে লালমনিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহর একটি লেখা পড়ে রাষ্ট্রভাষার প্রতি উদ্বুদ্ধ হন তিনি। এরপর প্রগতিশীল শিক্ষক সন্তোষ গুহের সান্নিধ্য ও কবি শাহ আমানত আলীর অনুপ্রেরণায় আন্দোলনে অংশ নেন। ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতির স্বপ্ন না দেখা এই ভাষাসৈনিকের চাওয়া ছিল ‘ভাষা আগ্রাসন’ যেন বন্ধ হয়। ভাষা আন্দোলন করার কারণে আশরাফ হোসেন ১৯৫৪ সালে আত্মগোপনে চলে যান। এরপর ১৯৫৫ সাল থেকে রংপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
















