জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে রংপুর নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রংপুর জিলা স্কুলের সামনে এসে শেষ হয়। পরে স্কুলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী চৌধুরী মাহমুন্নবী ডলার, সাবেক শিক্ষক শাফিয়ার রহমানসহ সাবেক শিক্ষার্থী ও অন্যান্যরা। বক্তারা বলেন, সাবেক শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, **তিন দিনের মধ্যে সুষ্ঠু বিচারের লক্ষ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
















