সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • গণভোটের বিরুদ্ধে অবস্থান নিলে ক্ষমতার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে: শিবির নেতা রেজাউল করিম 

গণভোটের বিরুদ্ধে অবস্থান নিলে ক্ষমতার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে: শিবির নেতা রেজাউল করিম 

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

গণভোটের মাধ্যমে দেওয়া জনগণের রায় বাস্তবায়নে গড়িমসি করা হলে এবং এর বিরুদ্ধে অবস্থান নেওয়া হলে ক্ষমতায় থাকার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। তিনি বলেন, জনগণের রায়ের বিপক্ষে গেলে দেশের মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

সোমবার (০৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার আয়োজনে গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম শাকিল গণভোট, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন দলের ভূমিকা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। তিনি বলেন, ২৪ জুলাইয়ের রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে একটি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো হয়েছিল। সেই সময় দেশের মানুষ আশা করেছিল, নতুন বাংলাদেশে তারা নিরাপদে বসবাস করতে পারবে এবং দমন-পীড়নের অন্ধকার থেকে মুক্তি পাবে। কিন্তু বাস্তবতায় সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে দলটি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ৯০-এর স্বৈরাচার পতনের পর মানুষের নতুন শাসনব্যবস্থার স্বপ্ন ভেঙে দিয়ে ৯১ সালে ক্ষমতায় এসে তারা প্রথম প্রতারণা করে। পরবর্তীতে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিলসহ নানা পদক্ষেপে তারা জনগণের আস্থা নষ্ট করেছে বলে অভিযোগ করেন।

তিনি বলেন, আন্দোলনের প্রশ্নে বিএনপি বারবার দ্বিধান্বিত অবস্থান নিয়েছে। ২০১৩ সালের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির সময় রাজপথে তাদের দৃশ্যমান ভূমিকা ছিল না। একইভাবে সাম্প্রতিক জুলাই আন্দোলনের সময়ও তারা সরাসরি সম্পৃক্ত হয়নি বলে দাবি করেন তিনি।

রেজাউল করিম শাকিল বলেন, “জুলাই বিপ্লবের সময় আমরা বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে আন্দোলনে সমর্থন চেয়েছিলাম। কিন্তু তারা তখন সরকার পতনের কোনো পরিকল্পনা নেই বলে জানায়। পরবর্তীতে সেই আন্দোলনের সুফল ভোগ করার চেষ্টা করছে তারা।”

সংস্কার কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিশনের কাজে বিএনপি বাধা দিয়েছে এবং একের পর এক ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে প্রক্রিয়াকে ব্যাহত করেছে। এমনকি বিপ্লব-পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রেও তাদের বাধার কারণে অগ্রগতি থেমে যায় বলে অভিযোগ করেন তিনি।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ এই গণভোটের পক্ষে মত দিয়েছে। অথচ বিএনপি এই গণভোটের বিরুদ্ধে দীর্ঘ সময় প্রচারণা চালিয়েছে, যা জনগণের রায়ের প্রতি অবজ্ঞার শামিল।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণভোট কোনো দলীয় বিষয় নয়, এটি জনগণের সিদ্ধান্ত। এর বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ যদি ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে, সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। দেশের মানুষ প্রয়োজনে আবারও রাজপথে নামবে।”

তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বর্তমান প্রজন্ম এখনো সচেতন ও সক্রিয় রয়েছে এবং আগামী ৩০–৪০ বছর তারাই দেশের রাজনীতিতে নেতৃত্ব দেবে। তাদের চাওয়া-পাওয়া ও ভাষা না বুঝলে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর শিবির সভাপতি আনিসুর রহমান এবং সঞ্চালনা করেন মহানগর দপ্তর সম্পাদক ওয়ালিউল্লাহ মুজাহিদ।

এ সময় বক্তব্য রাখেন রংপুর জেলা শিবিরের সভাপতি হামিদুর রহমান, সেক্রেটারি হানিফুর রহমান এবং কারমাইকেল কলেজ শাখার সভাপতি মাহমুদ হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আইন সম্পাদক রিফাত হাসান, অর্থ সম্পাদক আবু সুফিয়ান ও প্রচার সম্পাদক শামছুল আলম প্রমুখ।

বক্তারা সমাবেশে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে কোনো ধরনের গড়িমসি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তারা সতর্ক করে বলেন, জনরায়ের প্রতি অসম্মান দেখানো হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, বিকেল ৫টা ১৫ মিনিটে নগরীর টাউনহল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময়j বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM