জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
চাকুরি স্থায়ীকরণের দাবিতে রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । শনিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন চত্বরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরশন কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বেলাল হোসেন। তিনি বলেন, ২০১২ সালে রংপুর সিটি করপোরশন প্রতিষ্ঠা হয়েছে। ২০৫ দশমিক ৭০ বর্গ কিলোমিটার আয়তনের দেশের বৃহত্তম নগরীর মধ্যে একটি রংপুর সিটি কর্পোরশন।
এ নগরীতে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করে। সিটি করপোরশন প্রতিষ্ঠার পর ৫০৭টি পদ সৃজনের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। অনুমোদন প্রক্রিয়ায় জটিলতার কারণে ১২ বছরেও সাংগঠনিক কাঠামো অনুমোদন দেওয়া হয়নি। সাবেক পৌরসভার স্থয়ী জনবলসহ অস্থায়ী ৬৪০ জন কর্মচারী সিটি কর্পোরশনের ১৮টি শাখায় কাজ করে যাচ্ছেন। এছাড়া রংপুরের পরে প্রতিষ্ঠিত অন্য সিটি কর্পোরশনের সাংগঠনিক কাঠামো অনুমোদনসহ জনবল নিয়োগ করা হয়েছে।
তিনি আরও জানান, সংবিধানের ১৫ নং অনুচ্ছেদে নাগরিকদের যুক্তিসংগত মজুরির বিনিময়ে কর্মসংস্তানের নিশ্চয়তার বিষয়টি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে বলা হয়েছে। অথচ রংপুর সিটি কর্পোরশনের অস্থাায়ী কর্মচারীদের সাড়ে তিনশত থেকে সাড়ে চারশত টাকা মজুরী দেওয়া হচ্ছে। সেই সাথে সরকারী গেজেটেড ছুটির দিন, শুক্রবার, শনিবার বন্ধের দিনে বেতন থেকে বঞ্চিত হচ্ছেন কর্মচারীরা। এতে করে মানবিক, সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা দিয়ে জীবন- যাপন করা কঠিন হয়ে পড়েছে।
এ সময় বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সাংগঠনিক কাঠামো অনুমোদনে অন্তর্বতীকালীন সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হয়। সংবাদ সম্মেলন শেষে কর্মচারীরা সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালন করেন।
















