সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
ঢাকা, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ‘দেশে ডিজেল, পেট্রোল, অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। আগামী ৯ মার্চ দেশে আরো দু’টি জ্বালানি তেলবাহী জাহাজ আসছে। ঘাটতিপড়ার কোনো সুযোগ নাই। তারপরও যেহেতু যুদ্ধ চলছে আমাদের হিসাব করে চলতে হবে। তাই সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’
আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। আশঙ্কা থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে অনেকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।
মন্ত্রী আরো বলেন, ‘ভবিষ্যতে কোনো ধরনের সংকট এড়াতে সরকার কাতার ছাড়াও বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের পরিকল্পনা করছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে সেসব বিকল্প উৎস ব্যবহার করা হবে।’
ইকবাল হাসান মাহমুদ বলেন, অগ্রিম সতর্কতা হিসেবে কিছুটা রেশনিং করা হচ্ছে। কিন্তু মানুষ এই রেশনিংকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে।
মন্ত্রী সবাইকে বিশেষ করে গণমাধ্যমকে অনুরোধ করেন জনগণকে এই বার্তা দিতে হবে যে, তাড়াহুড়ো করে কোনো কিছু করার দরকার নেই, আমাদের কাছে মজুত আছে, আমরা পেট্রোল পাম্পকে তেল দিচ্ছি, এটা চলবে, এটার জন্য লাইন দিয়ে সারারাত জেগে থাকার কোনো প্রয়োজন নেই; মানুষ তেল পাবে’। পাম্পের পাম্প ম্যানেজমেন্ট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হচ্ছে, ঐদিন তেল শেষ হয়ে গেলে সেদিন আর তেল পাবে না; পরের দিন এর জন্য অপেক্ষা করতে হবে। এজন্য মনিটর করা হচ্ছে এই ধরনের সমস্যা কম হয়; এগুলো দেখা হবে।’
মন্ত্রী বলেন, জনভোগান্তি কমাতে আগামীকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। জ্বালানি তেল সরবরাহে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ এড়াতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং জনগণের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।
















