সর্বশেষ
সর্বশেষ

প্রবাসীদের সমস্যা সমাধানে বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা করেছে সরকার – আইনমন্ত্রী

ঢাকা, প্রবাসীদের বিভিন্ন আইনি সমস্যা দ্রুত সমাধানে বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান।

মন্ত্রী আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শরণার্থী ও অভিবাসন আন্দোলন বিষয়ক গবেষণা ইউনিটের (RMMRU) ৩০ বছরপূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে ‘সোনার মানুষ সম্মেলন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান।

আইনমন্ত্রী বলেন, প্রবাসীরা বিদেশে উপার্জিত অর্থ দেশে পাঠানোর পর অনেক সময় পরিবারের সদস্যদের সাথে অর্থ বা সম্পত্তি নিয়ে বিরোধে জড়ান। এসব বিরোধের মামলা বছরের পর বছর চলতে থাকে। এতে প্রবাসীদের অর্থ ও সময় ব্যয় হয় এবং তাঁরা ভোগান্তির শিকার হন। এ সমস্যা সমাধানে প্রবাসীদের জন্য বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের। এসব আদালতে প্রবাসীদের বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে একটি খসড়া প্রণয়নের কাজ চলছে। এ ক্ষেত্রে RMMRU-কে সরকারের সাথে যুক্ত থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, প্রবাসী এবং তাঁদের পরিবারের সদস্যদের দেশে কোনো আইনি সহায়তার প্রয়োজন হলে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে ২৪ ঘণ্টা আইনি সহায়তা দেওয়ার কার্যক্রম চালু করা হয়েছে। এজন্য একটি হটলাইনও রয়েছে। প্রবাসীদের প্রাথমিক আইনি দিকনির্দেশনা ও প্রয়োজনীয় প্রতিকার পেতে RMMRU-কে আইনগত সহায়তা অধিদপ্তরের সাথে সমন্বয় করার আহ্বান জানান তিনি।

অভিবাসী শ্রমিকদের অবদান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি হলো প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স। তৈরি পোশাক, কৃষি, পাট ও পাটজাত পণ্য কিংবা চা রপ্তানির পাশাপাশি বিদেশে শ্রম রপ্তানি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কায়িক শ্রমের পাশাপাশি বিদেশে বাংলাদেশিদের মেধা ও দক্ষতাভিত্তিক কর্মসংস্থানও বাড়ছে।

বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মপরিবেশ ও মজুরি বৈষম্যের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, সম্প্রতি দুবাই সফরে শ্রমিকদের অমানবিক পরিশ্রম ও দুর্ভোগের চিত্র তাঁর নজরে এসেছে। অনেক শ্রমিককে দীর্ঘ সময় কাজ করতে হয় এবং কর্মস্থলে যাতায়াতেও উল্লেখযোগ্য সময় ব্যয় করতে হয়। অথচ কোনো কোনো ক্ষেত্রে তাঁদের শ্রমের মূল্য অন্য দেশের শ্রমিকদের তুলনায় কম। বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

অভিবাসন খাতে অসাধু নিয়োগ ও রিক্রুটিং ব্যবসায়ীদের কার্যক্রমের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে কর্মসংস্থানের জন্য ভুয়া কাগজপত্র দাখিল করছে। এসব নথির সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট দেশগুলো আইনি ব্যবস্থা নিচ্ছে। এর ফলে বাংলাদেশি কর্মীদের ভিসা বাতিল কিংবা ভিসা নবায়ন নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্টদের আরো সতর্ক ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

RMMRU-এর তিন দশকের ভূমিকার প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে অভিবাসী শ্রমিকদের অধিকার, কল্যাণ ও ভবিষ্যৎ নিয়ে কাজ করার দূরদর্শিতা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার শুরুতেই দেখিয়েছে। গত ৩০ বছরে অভিবাসন ও শ্রমিককল্যাণ সংক্রান্ত নীতি প্রণয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে আসছে।

মোঃ আসাদুজ্জামান বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় RMMRU যে উদ্যোগগুলো গ্রহণ করবে, সেগুলোর সাথে সরকার থাকবে। প্রতিষ্ঠানটির স্বচ্ছতা, নীতিগত অবস্থান এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, রাষ্ট্রীয় সীমাবদ্ধতার কারণে সব প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব না হলেও প্রতিষ্ঠানটির ইতিবাচক উদ্যোগগুলোর সাথে সরকার কাজ করতে আগ্রহী।

RMMRU-এর উপদেষ্টা ড. সি. আর. আবরারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এবং বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত Reto Renggli।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Wednesday, 14th October, 2026
3th Jumada-Al-Awaal, 1448
নামাজসময়
ফজর5:39 AM
সূর্যোদয়6:55 AM
যোহর12:45 PM
আসর4:05 PM
মাগরিব6:34 PM
ইশা7:50 PM