জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে রংপুর সহ পীরগঞ্জে পালিত হয়েছে।ওয়াজেদ মিয়ার জন্মস্থান পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর গ্রামে ফজরের নামাজের পর থেকে ড.ওয়াজেদ পরিবার, জেলা ও উপজেলা প্রশাসন, পীরগঞ্জ পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো ছাড়াও ড.ওয়াজেদ স্মৃতি সংসদ ড. ওয়াজেদ ফাউন্ডেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর সমাধীতে ফুলেল শ্রদ্ধা ,ফাতেহা পাঠ,কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও দরিদ্রদের মাঝে মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়।
প্রয়াত পরমাণু বিজ্ঞানীর ভাতিজা, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম মঙ্গলবার ফজরের নামাজের পর পরিবারের সদস্য নিয়ে ড.এম এ ওয়াজেদ মিয়ার সমাধীতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু করেন। বেলা সাড়ে ১১টায় পীরগঞ্জ উপজেলা পরিষদ আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্থানীয় সাংসদ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন জেলা পুলিশ সুপার প্রকৌশলী ফেরদৌস আলী চৌধুরী,উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে জেলা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ড,ওয়াজেদ মিয়ার সমাধীতে পুষ্পমাল্য অর্পণ শেষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য ২০০৯ সালের ৯ মে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয় ।
















