স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
ঢাকা, ৫ আগস্টের পরও বিচার বহির্ভূত হত্যা, দখল, জুলুম, অত্যাচার নির্যাতন চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। যে বৈষম্য দূর করার জন্য জুলাই আন্দোলন হয়েছিল তা এখনও দূর হয়নি বলে তিনি সমাবেশে উল্লেখ করেন।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোতোয়ালি থানা শাখার আয়োজনে গণসমাবেশে এ কথা জানান তিনি।
ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর বলেন, ক্ষমতার মসনদে বসে ফারুকীসহ বিতর্কিতদের উপদেষ্টা বানানো হচ্ছে অভিযোগ করে ফয়জুল করীম বলেন, ‘ফারুকীকে কোন যোগ্যতা ও কোন গুণে উপদেষ্টা করা হলো তা আমার প্রশ্ন। যদি ফারুকীকে পদত্যাগ করতে বাধ্য না করা হয় তাহলে কর্মসূচি দেয়া হবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ আগস্টের গণবিপ্লবের অংশীদার দাবি করে তিনি বলেন, ‘বৈষম্য দূর করার জন্যই আন্দোলন করেছিলাম। ’৭১ থেকে ২০২৪ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা কেউ বৈষম্য দূর করতে পারেনি। তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে; গুম, খুন, লুট করেছে। কিন্তু আজও সবাই বৈষম্যের শিকার। শ্রমিকরা অধিকার আদায়ের আন্দোলন করছে, শিক্ষকরা রাস্তায় নেমেছেন।’
বিএনপির রাজনীতি নিয়ে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য ইউটার্ন মেরেছে। আওয়ামী লীগের অত্যাচারে কথা ভুলে তারা এখন আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনার চেষ্টায় করছে। “চোরে চোরে হালি এক চোরে বিয়ে করে আরেক চোরের শালি”। বিএনপির অবস্থাও তাই।’
















