জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
‘দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রকৌশল দিবস-২০২৫ ও (আইডিইবি)-এর গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আইডিইবি রংপুর জেলা শাখার আয়োজনে গতকাল (১০ নভেম্বর) সোমবার রংপুর টাউন হল মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া শাহীদ।
সভায় সভাপতিত্ব করেন আইডিইবি রংপুর জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোঃ আফজালুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার শাহ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবি রংপুর জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী মোঃ খসরু সরকার, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ সাহিদুল আলম, সদস্য সচিব প্রকৌশলী মামুন মিয়া, উপদেষ্টা প্রকৌশলী সাফিউজ্জামান সরকার এবং যূগ্ম সদস্য সচিব প্রকৌশলী ফাইজুল ইসলাম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করা হয়। র্যালিটি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়ে রংপুর সিটি কর্পোরেশন, সিটি বাজার, কাটারী বাজার, ডিসির মোড় হয়ে পুনরায় পাবলিক লাইব্রেরি মাঠে এসে শেষ হয়।
















