জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে প্রশিকা মানব উন্নয়ন কেন্দ্রের আয়োজনে রংপুর সিটিতে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও নগরবাসীর পুষ্টি উন্নয়নে নগর কৃষি সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়। রংপুর নগরীতে কার্বন নিঃসরন ও তাপদাহ কমানো এবং সবুজায়ন বৃদ্ধিতে নগর কৃষি সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ লক্ষ্যে রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডের আবাসিক ছাদসহ পতিত ১৩ হাজার ২’শ হেক্টর জমিতে শাক-সবজি, ফলমূল চাষাবাদ করা হবে। এতে করে খাদ্যপুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি ভবনের তাপমাত্রা কমবে ২ থেকে আড়াই ডিগ্রী সেলসিয়াস। বিশুদ্ধ অক্সিজেন প্রাপ্তির সাথে পরিবেশের বিরুপ প্রভাব থেকে রক্ষা পাবে নগরবাসী। গতকাল বুধবার (১৯ মার্চ) সকালে রংপুর নগরীর চিকলী ওয়াটারপার্ক কনভেনশন হলে প্রশিকা মানব উন্নয়ন কেন্দ্র আয়োজিত ‘রংপুর সিটিতে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও নগরবাসীর পুষ্টি উন্নয়নে নগর কৃষি সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের সূচনা কর্মশালায় এ তথ্য জানানো হয়।
প্রশিকার পরিচালক একেএম হাসান সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনডিপি স্মল গ্রান্ট প্রোগ্রামের ন্যাশনাল কোÑঅর্ডিনেটর মোজাম্মেল হক, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্ল্যা মোহাম্মদ মিজানুর রহমান, প্রশিকার পরিচালক রিজাউনুস শামীম। প্রকল্পের তথ্য উপাত্ত উপস্থাপন করেন প্রকল্পের টিম লিডার সুমনা রানী দাশ।
ইউএনডিপি’র অর্থায়নে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত এ প্রকল্পের মাধ্যমে নগরীতে ১’শটি প্রদর্শনী বাগান ও দুটি গ্রীন বিল্ডিং নামে প্রদর্শনী স্থাপন করা হবে, মাঠ দিবস, সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করবে প্রশিকা।
















