জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর সূমি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রংপুর বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের আহবায়ক শামসুজ্জামান সামু। এ সময় বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের সদস্য সচিব দিলীপ চন্দ্র ঘোষসহ সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শুরুতে বাংলাদেশের ছাত্রসমাজ, তাদের অভিভাবকসহ বাংলাদেশের জনগণ যে ঐতিহাসিক গণঅভ্যুত্থান সৃষ্টি করেছেন যার মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে তার জন্য জনগণকে বিশেষ করে ছাত্রসমাজকে অভিনন্দন জানাই। যারা বীর শহীদ হয়েছেন, তারা জাতির আগামীর পথপ্রদর্শক তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের প্রতি মর্যাদা ও সম্মান প্রদর্শন করছি।
মানুষের জানমাল রক্ষায় সবাইকে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।
এরই ধারাবাহিকতায় আমরা রংপুর মহানগরের বিভিন্ন সনাতন সম্প্রদায়ের এলাকা পরিদর্শন করে তাদের সঙ্গে মতবিনিময় করেছি এবং পাশে থেকে মনোবল বাড়ানোর আশ্বাস যুগিয়েছি এবং আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জনা সংগঠনের নেতৃবৃন্দের নাম ও মোবাইল নাম্বারসহ কার্ড বিতরণ করা হয়েছে, আমরা মনে করছি তারপরেও এটা যথেষ্ট নয়। জানমালের নিরাপত্তা ও শান্তি সম্প্রীতি রক্ষায় ও গণঅভ্যুত্থানকে কলুষিত হওয়ার হাত থেকে রক্ষা করতে নিজ নিজ অঞ্চলের সকল শ্রেণী পেশার নাগরিক ছাড়াও সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বতীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি এবং তাদের প্রতি আহ্বান জানাই অতি দ্রুত জনগণের চাওয়া আগামীর ভবিষ্যৎ তরুণ প্রজন্ম, ছাত্র জনতার আকাঙ্খার প্রতিফলনের মধ্য দিয়ে খুব দ্রুত দেশের আইন-শৃঙ্খলা ফিরিয়ে এনে স্বল্প সময়ের মধ্যে সুষ্ঠ ও অবাধ নির্বাচনের পথ পরিষ্কার-পূর্বক একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন।
















