জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন -উত্তম বনিকপাড়া এলাকায় অবস্থিত হোসনা টোবাকো প্রাইভেট লিমিটেডের জমি জোরপূর্বক দখলের চেষ্টা, কোম্পানির সীমানা প্রাচীর ভাঙচুর এবং প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে হাজীরহাট থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, কোম্পানির কর্মচারী মো. শাহজাহান খন্দকার (৬৩) বাদী হয়ে মো. জুয়েল রানা, মো. আব্দুল মজিদ, মো. কেতু শেখ, মো. মহসিন, মো. আলতান উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে কোম্পানির জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতেও একটি মামলা বিচারাধীন রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১০ জুন ২০২৬ সকাল প্রায় ৯টার দিকে অভিযুক্তরা কোম্পানির সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন।
খবর পেয়ে বাদী ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় প্রাচীর ভাঙচুরের মাধ্যমে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে হাজীরহাট থানা পুলিশকে খবর দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও এজাহারে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে এজাহারটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বাদী। এ বিষয়ে হাজীরহাট থানার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
















