জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
সমিতির নামে কেনা অটো ও ব্যক্তিমালিকানাধীন অটো ফিরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ অটো রিকসা শ্রমিকলীগের মহানগর শাখার সভাপতি আবু বক্কর ছিদ্দিক। গতকাল শনিবার বেলা ১২ টায় রংপুর সিটি প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অটো ফেরত চান তিনি। লিখিত সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২২ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে নগরীর মুন্সিপাড়া এলাকার গোলাম মোস্তফা বিটু, গুড়াতিপাড়া এলাকার শফিকুল ইসলাম, দেওডোবা এলাকার আলম মিয়া, আসাদ মিয়া, মাহফুজার রহমান, আলমগীর হোসেন পূর্ব পরিকল্পিতভাবে খলিফাপাড়া চেক পোস্ট সংলগ্ন এলাকায় পথরোধ করে আমাকে ও আমার ছেলে জুলফিকার আলম জনিকে আটক করে কিল ঘুষি মেরে জখম করে। পরে আমার অটো নিয়ে যায়।
অপরদিকে ইউনুছ আলীর জিডিমুলে ১ এপ্রিল দুপুরে বাসটার্মিনাল এলাকায় টিটু মিয়াসহ কয়েকজন পথ রোধ করে অটো রিক্সা নিয়ে যায়। যার মুল্য আড়াই লাখ টাকা। তাদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও অটো দুটি ফিরত দিচ্ছেন না। আটক করে নিয়ে যাওয়া দুটি অটোর মধ্যে একটি অটো বাংলাদেশ অটো রিকসা শ্রমিকলীগের মহানগর শাখার নামে ক্রয় করা। অন্যটি ব্যক্তিমালিকানাধীন। এমতাবস্থায় সামনে ঈদ। অটোদুটি না থাকায় আমাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি আগামী ২৪ ঘন্টার মধ্যে অটো দুটি ফিরত না দিলে মানববন্ধনসহ বৃহত্তর কর্মসূচীর হুমকি প্রদান করেন। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটো রিকসা শ্রমিকলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
















