জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে স্কুল পর্যায়ে ৫ম থেকে ৯ম শ্রেণীর ছাত্রীদের ও স্কুল বহির্ভুত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের মাসব্যাপী জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নগরীর কাচারী বাজার শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আজমল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ হাসিনুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ রায়হান কবীর, রংপুর সিটি কর্পোরেশনের (ভারপ্রাপ্ত) প্রধান নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, প্রধান সম্পত্তি কর্মকর্তা মৌসুমী আফরিদা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ আব্দুল ওয়াহিদ, রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়, রংপুর সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্যঃ ২৪ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এক মাসব্যাপী রসিকের ৩৩টি ওয়ার্ডে ৫শ শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীদের শ্রেণীভিত্তিক ও স্কুল বহির্ভুত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়া হবে। ভ্যাকসিন গ্রহণের পরে কোন সমস্যা হলে, নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
















