জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
চলতি বছরের মার্চ মাসের সফলতা ও বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেছেন রংপুর জেলা পুলিশ। সোমবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় রংপুর জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্চ মাসের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী জানান, রংপুর জেলার সার্বিক আইনশৃঙ্খা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদক-সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী অভিযান, গ্রেফতারী পরোয়ানা তামিল ও নিয়মিত মামলায় গ্রেফতারসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে জেলা পুলিশ।
তিনি জানান, সম্প্রতি রংপুর জেলা পুলিশ অত্যন্ত স্বচ্ছতার সাথে মাত্র ১২০ টাকায় ১১১ জন কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পুর্ণ হয়েছে। যার মধ্যে পুরুষ ৯৪ জন এবং নারী ১৭ জন। মার্চ মাসে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৩৭ বোতল ফেন্সিডিল, সাড়ে ১৭ কেজি গাঁজা, ৯৭ পিচ ইয়াবা, ৪ গ্রাম হেরোইন উদ্ধারসহ ২২ টি মামলায় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মার্চ মাসে ৬৬৭ টি জি আর ওয়ারেন্ট, ৩১৭ টি সি আর ওয়ারেন্ট এবং ৪৭ টি সাজা ওয়ারেন্ট তামিলসহ ৩ টি হত্যা মামলার ৬ জনসহ মোট ৯৮৪ জন আসামী গ্রেফতার করেছে রংপুর জেলা পুলিশ।
পুলিশ সুপার জানান, মার্চ মাসে ট্রাফিক পুলিশ যানবাহন চেকিং ডিউটি করাকালে ত্রুটিপুর্ণ ভাবে গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য করার জন্য ১ হাজার ১ শত ৯৫ টি মামলায় উনচল্লিশ লাখ আটাত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও রংপুর জেলা পুলিশ মার্চ মাসে ১ টি চোরাই মোটরসাইকেল, ১ টি বাইসাইকেল, ৪০ কেজি লোহার তার,২ টি মোবাইল ও ১ টি ল্যাপটপ উদ্ধার করেছে। শুধুমাত্র মার্চ মাসেই ৩৩৩ জন অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সেবা পেয়েছেন। এছাড়াও রংপুর জেলা পুলিশ বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও উঠান বৈঠকের মাধ্যমে আত্মহত্যা, বাল্যবিবাহ রোধ, গুজব ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষে নিয়মিত জনসচেতনতামুলক প্রচারণা অব্যাহত রেখেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সুলতানা রাজিয়া ও ইফতে খায়ের আলম, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মইনুল ইসলাম, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, রিপোর্টাস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মান্নানসহ অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।
















