জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
সোমবার (২৭ জুলাই) রংপুর বাস টার্মিনাল এলাকায় নির্মিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবি’র বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। করতে হবে দেশের উন্নয়ন।
যারা সমবায়ী তাদের পাশে দাঁড়াতে হবে। ১৯৭৪ সালে বিআরডিপি চালু হয়। তখন থেকে এখন পর্যন্ত তেমন কোন উন্নয়ন সাধিত হয়নি। পল্লীর মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। এখন সময় এসেছে ঘুড়ে দাঁড়ানোর। গতকাল দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রংপুর আয়োজিত শিল্পকলা একাডেমীতে ৩দিন ব্যাপী গ্রামীণ মেলা, চেক বিতরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিল্পকলা একাডেমী মিলনায়তনে তিনি আরো বলেন, এই ভবনটি এত ছোট অবশ্যই বড় করা হবে।
হৃদয় বড় করে রংপুর উন্নয়ন করতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহা: শওকত রসিক চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিআরডিবি অতিরিক্ত সচিব এ.কে.এম তারেক, বিশেষ অতিথি ছিলেন রংপুর ৩ আসনের এমপি মাহবুবার রহমান বেলাল, মহিলা এমপি রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর জেলা পরিষদের প্রশাসক মো: সাইফুল ইসলাম, রংপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম, এনডিসি, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব বাবু পরিতোষ চক্রবর্তী, জেলা প্রশাসক রুহুল আমিন, পুলিশ সুপার মো: মোজাম্মেল হক সহ এলাকার গন্যমান্য ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী ও গণমাধ্যম কর্মীবৃন্দ। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। ৩দিন ব্যাপী মেলার ৩০টি স্টল অংশগ্রহণ করেছে গ্রামীণ পন্য নিয়ে।
















