জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
”নীতি নির্ধারণে আস্থা তৈরিতে মেট্রোলজি” এই স্লোগানকে সামনে রেখে রংপুরে ‘বিশ্ব মেট্রোলজি দিবস, ২০২৬’ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা প্রশাসন ও (বিএসটিআই) রংপুর যৌথ আয়োজনে গতকাল বুধবার (২০শে মে) সকাল ১১টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি।
সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি অমিনুল ইসলাম, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুরের উপপরিচালক (মেট্রোলজি) প্রকৌশলী মোঃ আব্দুল হান্নান, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ শরিফুল আলম, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট লায়ন এনামুল হক সোহেল, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, রংপুর জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল হক মুন্না, রংপুর জেলা ক্যাবের সভাপতি মোঃ আব্দুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, মেট্রোলজিকে শুধু পণ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে নীতি-নির্ধারণেও ব্যবহার করতে হবে। পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজার জাতকরণ পর্যন্ত সংশ্লিষ্টরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে ভোক্তা ও সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি সম্ভব। আসন্ন ঈদ উপলক্ষ্যে পণ্যের বাজারে স্থিতিশীলতা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বাজার তদারকির জন্য তিনি নিদের্শনা প্রদান করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
















