সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া
কুমিল্লা, ২৯ ফাল্গুন (১৪ মার্চ) ২০১৬ খৃ. –
আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ জ্বালানি খাতে উল্লেখযোগ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ শ্রীকাইল-৫ মূল্যায়ন ও উন্নয়ন কূপ থেকে আবিষ্কৃত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই আশাবাদ ব্যাক্ত করেন।
প্রতিমন্ত্রী বলেন, আজকের দিনটি আমাদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। পবিত্র মাহে রমজানের এই পবিত্র দিনে আমরা দেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন করতে পারলাম। তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে দেশের নিজস্ব গ্যাসক্ষেত্র থেকে নতুন গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য একটি অত্যন্ত আশাব্যঞ্জক ও ইতিবাচক সংবাদ।
গণমাধ্যমের বন্ধুদের উদ্দশ্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার আমদানি নির্ভর জ্বালানি খাতকে ধীরে ধীরে দেশীয় সম্পদের ওপর ভিত্তি করে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করছে। মহান সৃষ্টিকর্তা আমাদের দেশের মাটির নিচে যে প্রাকৃতিক সম্পদ দিয়েছেন, সেই সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমরা জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চাই। তিনি বাপেক্সের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাপেক্সের কর্মকর্তা-কর্মচারীদের যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে রয়েছে, সেগুলোর যৌক্তিক সমাধান দ্রুত খুঁজে বের করার জন্য কাজ করা হবে।
উল্লেখ্য, গত বছরের ২৮ সেপ্টেম্বর শ্রীকাইল-৫ কূপে খনন কার্যক্রম শুরু করা হয় এবং গত ১ জানুয়ারি খননকাজ শেষ হয়। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ১৩২ কোটি টাকা ব্যয় হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের মতে, কূপটিতে আনুমানিক ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ থাকতে পারে; উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ২৮ বিলিয়ন ঘনফুট বলে ধারণা করা হচ্ছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান মো. ইফানুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বাপেক্স ও পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
















