জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। গতকাল (১৯ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউসে সংসদ নির্বাচনে রংপুর জেলার ৬ আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হয়েছে, এটা স্পষ্ট করে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যাঁরা প্রার্থী, ইনডিপেনডেন্ট (স্বতন্ত্র) প্রার্থী যাঁরা আছেন, তাঁরা যদি আন্তরিক না হন, তাঁরা যদি সচেতন না হন, তাঁরা যদি তাঁদের মধ্যে পারস্পরিক আস্থা সংরক্ষণ করে সঠিক আচরণ না করেন, তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়াটা দুরূহ হয়ে পড়বে।
আমরা এই বার্তা আমাদের পক্ষ থেকে সম্মানিত প্রার্থীদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছি’ সিইসি বলেন, প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁদের মধ্যে পারস্পরিক আস্থা থাকবে এবং নির্বাচন প্রক্রিয়ায় তাঁরা সহযোগিতা করবেন। প্রার্থীরাও আশাবাদী এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি (উপ মহাপরিদর্শক) আব্দুল বাতেন, রংপুর মেট্রোপীলটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান , রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সার্কিট হাউসের মতবিনিময় শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আইনশৃঙ্খলা বিষয়ে বৈঠকে অংশ নেন সিইসি) ।
















