জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও শিক্ষার মানোন্নয়নে রংপুরে অনুষ্ঠিত হয়েছে “আইজিপি শিক্ষাবৃত্তি-২৫” কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান। মঙ্গলবার (১৯ মে) রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শৈলী ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে তুলতে শিক্ষাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শবান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি, রংপুরের সভাপতি গোলাম সারওয়ার ভুঁঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুল আনোয়ার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুশান্ত কুমার রায়।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল (প্রশাসন) আনব বাবর আলী, প্রিন্সিপাল (কলেজ) জাহাঙ্গীর আলম এবং ভাইস প্রিন্সিপাল (স্কুল) মোঃ আব্দুল মোতালেবসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তির সম্মাননা ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকাও বিশেষভাবে তুলে ধরা হয়।
















