জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
”সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রংপুর জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপন করা হয়। গতকাল মঙ্গলবার (২৮শে এপ্রিল) সকালে রংপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ফজলে খোদা মোঃ নাজির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর দায়রা জজ মোঃ মশিউর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মাহমুদুল করিম, রংপুরের জেলা চিফ লিগ্যাল এইড অফিসার কৃষ্ণ কমল রায়, রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ শাহেদ কামাল ইবনে খতীব, সাধারণ সম্পাদক পিপি এ্যাড. আফাতাব উদ্দিন, সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা, মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মারুফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খ্রিস্টফার হিমেল রিছিল প্রমুখ। অনুষ্ঠানে উপকারভোগী নাজমুন নাহার মিনু, মোছাঃ হালিমা খাতুন ও মোঃ নুর আলম রংপুর জেলার লিগ্যাল এইড অফিস থেকে সহায়তা প্রাপ্তির অভিজ্ঞতা তুলে ধরেন।
দিবসটি উপলক্ষ্যে সকালে রংপুর জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়। অনুষ্ঠানে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, সরকারি কর্মকর্তা, উপকারভোগী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেরা আইনজীবী প্যানেলের আইনজীবী লায়লা আনজুমান বানু ও আইনজীবী শামীম আল মামুনকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
















