জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি’-এ শ্লোগান সামনে রেখে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণ তথা সমাজে পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর রংপুর নগরীর সাতমাথাস্থ শহীদ মিনারের পাদদেশে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বব্যাংকের সিটিজেন এনগেজমেন্ট অব সাউথ এশিয়ান মিশন রংপুর ওয়েলফেয়ার সেন্টার পরিদর্শন শেষে সাতমাথাস্থ শহীদ মিনারের পাদদেশে রংপুর ওয়েলফেয়ার সেন্টার এর কার্যক্রমের ভিডিও চিত্রের প্রদর্শন উপভোগ করেন। উক্ত সভায় বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও রেইজ প্রকল্প পরিচালক সৌরেন্দ্র নাথ সাহা, বিশ্বব্যাংকের সিটিজেন এনগেজমেন্ট অব সাউথ এশিয়ান মিশনের টিম লিডার মিস লিনা, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল মান্নান, রংপুর টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: নাজমুল হক, জেলা কর্মসংস্থন ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক আমেনা পারভীন, মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবীর, রংপুর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত)আতাউর রহমান সহ বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও রেইজ প্রকল্প পরিচালক সৌরেন্দ্র নাথ সাহা বলেন, বিদেশ ফেরত প্রবাসীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা, পরামর্শ, প্রশিক্ষণ এবং পুনরায় কর্মসংস্থানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সরকারের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান সহ স্বল্প খরচে বিদেশ গমন, আর্থিক সুবিধা সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য। বিদেশ গমন ও এর পরবর্তী সব ধরনের সুযোগ-সুবিধা ও পরামর্শের জন্য আমরা সব সময় আপনাদের পাশে আছি।প্রত্যাগত অভিবাসী কর্মীদের টেকসই পুন:কত্রীকরণে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
যদি যথাযথভাবে প্রশিক্ষণ প্রদান করা যায় সেক্ষেত্রে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে। মূলত দুই লক্ষ কর্মীর পুন:একত্রীকরণে প্রকল্প বাস্তবায়ন করছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।সারা দেশে ৩০টি ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে ৬৪ জেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় কাউন্সিলিং ও রেফারেল পরবর্তীতে প্রতি কর্মীকে ১৩,৫০০/- টাকা মোট ২ লক্ষ কর্মীকে প্রণোদনা দেয়া হচ্ছে।
২০১৫ সাল হতে বিদেশ ফেরত কর্মীরা প্রকল্পের সুবিধা প্রাপ্ত হচ্ছেন। উল্লেখ্য, প্রকল্পের মাধ্যমে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণ এবং পুনর্বাসন তথা নগদ প্রণোদনা, আত্মকর্মসংস্থানের সহযোগিতা, উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা, ঋণ প্রাপ্তিতে সহযোগিতাসহ কাউন্সেলিং, দক্ষতা সনদ প্রদান, কারিগরি প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা, কল্যাণমুলক অন্যান্য সহযোগিতার নিমিত্তে ৩০টি ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে সারাদেশে ডিপিপি অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে।
















