জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর অংশ হিসেবে রংপুরে এক উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় রংপুর সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড (তাজহাট উপ-স্বাস্থ্য কেন্দ্র), রবাটসনগঞ্জে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পেইনে সহযোগিতা করে ইউনিসেফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহাফুজ নবী চৌধুরী ডন এবং রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গাওছল আজম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তারা।বক্তারা বলেন, হাম ও রুবেলা নির্মূলে এই টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
















