জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগরীর মাহিগঞ্জস্থ ডিমলা রাজদেবোত্তর এস্টেটের ঐতিহ্যবাহী কালীমাতা মন্দিরের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কার কাজের উদ্বোধন করেন রংপুরের সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা রাজদেবোত্তর এস্টেটের সাধারণ সম্পাদক সুশান্ত ভৌমিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সুব্রত সরকার মুকুল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার রায় এবং জাসাস রংপুরের সভাপতি আমিনুল ইসলাম হারুন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কালীমাতা মন্দিরটি রংপুরাঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উপাসনালয়। সংস্কার কাজ সম্পন্ন হলে মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ধর্মীয় কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে। তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকলের সম্মিলিত সহযোগিতায় সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠি শেষে মন্দিরের সার্বিক উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি এবং এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
















