স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
ঢাকা, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) -এর কার্যক্রম প্রশংসিত হয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে র্যাবের কিছুটা দুর্নাম থাকলেও জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে র্যাব তার কার্যক্রমের মাধ্যমে জনগণের সুনাম ও প্রশংসা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টা আজ রাজধানীর উত্তরায় র্যাব হেডকোয়ার্টারে র্যাবের অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, র্যাবকে অতীত ভুলে গিয়ে নতুন উদ্যমে কাজ করতে হবে। সাম্প্রতিক সময়ে র্যাবের উল্লেখযোগ্য সাফল্য হলো মাদক দমন ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা। তিনি বলেন, আমরা মাদকের বাহকদের ধরছি কিন্তু গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাই মাদকের গডফাদারদের আটকে র্যাবকে ভূমিকা রাখতে হবে। এছাড়া লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হলেও বেশকিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। এসব অস্ত্র উদ্ধারেও র্যাবকে প্রধান ভূমিকা রাখতে হবে।
গতবছর দুর্গাপূজায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় র্যাব সদস্যদের ধন্যবাদ জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। তাই এবার আরো সচেষ্ট ও আন্তরিকতার সঙ্গে র্যাব সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। এখন থেকেই পূজামণ্ডপগুলোতে টহল ও নজরদারি বাড়াতে হবে।
এবারের জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন উল্লেখ করে উপদেষ্টা বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলেও নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্কোন্দল ও সহিংসতা বাড়তে পারে। এছাড়া পতিত স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। তাই এখন থেকেই র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি এ সময় মারণাস্ত্র ব্যবহারের বিষয়েও র্যাব সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান।
পরে সাংবাদকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। গতবারের চেয়েও উৎসবমুখর পরিবেশে এবার পূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, দুর্গাপূজা নিয়ে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। তিনি আরো বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দুর্গাপূজায় পাঁচ দিন আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে মণ্ডপের পক্ষ থেকে সাতজন সেবক দায়িত্ব পালন করবেন। তারা যেন তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেন। সেক্ষেত্রে পূজামণ্ডপে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।
ব্রিফিংয়ে RAB মহাপরিচালক একেএম শহিদুর রহমানসহ ব্যাটালিয়নের অধিনায়কগণ উপস্থিত ছিলেন।
















