সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৩ খৃ.
একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক কমিটির সভাপতি মোঃ হাফেজ রুহুল আমীন মাদানী এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, মনোরঞ্জন শীল গোপাল, জিন্নাতুল বাকিয়া, মোসাঃ তাহমিনা বেগম এবং রত্না আহমেদ অংশগ্রহণ করেন।
বৈঠকে ১৪তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ১৪তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমুহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ‘আসন্ন হজ্ব ২০২৩’ এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, গত ৯/১/২০২৩ খ্রি. তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও রাজকীয় সৌদি সরকারের মধ্যে ২০২৩ সনের দ্বি-পাক্ষিক হজ্বচুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারি ব্যবস্থাপনার ১৫,০০০ জন, বেসরকারি ব্যবস্থাপনার ১,১২,১৯৮ জন। মোট ১,২৭,১৯৮ জন ২০২৩ সনের হজ্ব পালন করতে পারবেন।
বিভিন্ন হজ্ব ও ওমরা এজেন্সির অনিয়মের বিষয়ে কমিটি ধর্ম মন্ত্রণালয়কে আরো জোরালো নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করে।
আসন্ন ২০২৩ হজ্বে বিমান ভাড়ার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাড়ীভাড়াসহ অন্যান্য আনুষংগিক খরচের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জনগনকে অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
















