জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বাজারদর নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার রংপুর সিটি কাঁচাবাজারে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ। অভিযানকালে ফলমূলের বাজার ও মুরগির বাজারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যাচাই করা হয়।
নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ৬টি দোকানকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। তিনি জানান, বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি, অতিরিক্ত মুনাফা আদায়, কালোবাজারি ও নকল পণ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন। অভিযানের সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন ও ক্রেতাদের কাছে সঠিক দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। ভোক্তাদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
















