জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
শিশুদের সার্বিক ও সর্বোত্তম কল্যাণ নিশ্চিত করা World Vision Bangladesh-এর অন্যতম লক্ষ্য। এরই অংশ হিসেবে নিবন্ধিত এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে “পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক সভা-২০২৬” শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রংপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে রংপুর ব্যাপ্টিস্ট চার্চে অনুষ্ঠিত এ সভায় ১৩০ জন নিবন্ধিত শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) মো. এনায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশেদুজ্জামান বাবু, ইউএনডিসি সম্পাদক রাকিব হোসেন এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার সুসময় মানখিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার উত্তম দাস।
সভাপতির বক্তব্যে উত্তম দাস বলেন, শিক্ষার্থীদের জীবন গঠনে পিতামাতার পাশাপাশি World Vision Bangladesh বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে পাশে রয়েছে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের লক্ষ্য পূরণে “আমার জীবন, আমার স্বপ্ন”সহ নতুন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভালো ফলাফল ও নৈতিক গুণাবলি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রত্যাশা পূরণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান শিক্ষক মো. রাশেদুজ্জামান বাবু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষার প্রস্তুতিতে মূল বই অনুসরণ, উত্তরপত্রে উপস্থাপনার মানোন্নয়ন এবং সময় ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথি মো. এনায়েত হোসেন পরীক্ষা কেন্দ্রে করণীয়, পরিদর্শকের নির্দেশনা মেনে চলা এবং অধিক নম্বর অর্জনের কৌশল নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রত্যেকের হাতে ফাইল, স্কেল, পেন্সিল ও রাবার বিতরণ করা হয়।
















