জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
”দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই স্লোগানকে সামনে রেখে রংপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা, চেক বিতরণ সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। গতকাল (১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রংপর জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলরুমে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম । এ সময় প্রধান অতিথি বলেন, রংপুরের একটি ছেলে যখন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে যখন বিজয়ী হয় আমি তখন খুশি হই। রংপুর জেলার একজন অভাবী মানুষ যখন কষ্টে তার দিনাতিপাত করে তখন আমি ভিতরে ভিতরে খুব কষ্ট পাই।
কাজেই আমার চিন্তা, আমার সময়, আমার যে কাজ সবই কিন্তু আপনাদের জন্য এবং আমি আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে কথা নিশ্চিতভাবেই বলছি যে আমাদের যে কোন কাজ আমরা রংপুর জেলার জন্য আরো বেশি সুন্দর ভাবে আরো বেশি বেগবান ভাবে আমরা করতে চাই। প্রতিবছর মোট জনশক্তি রপ্তানির ৫০ থেকে ৬০ ভাগ কর্মী সৌদি আরবে যান। চলতি বছরেও এ পর্যন্ত যে ১০ লক্ষ ৭১ হাজার কর্মী বিদেশে গেছেন এবং এর মধ্যে ৭ লক্ষ ১২ হাজার গেছেন সৌদি আরবে।
সৌদি আরবে এখনো সর্বোচ্চসংখ্যক কর্মী যান। সেখানকার বাজারেও নানা সমস্যা তৈরি হচ্ছে। নতুন আইনে সৌদি আরবে কাজ করতে গেলে কর্মীদের দেশটির যাওয়ার পর ইকামা, চাকরি, বেতনসহ বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। সৌদি আরবে যাওয়ার পর এসব জটিলতায় কয়েক মাস বেকার বসে কাটাতে হয় কর্মীদের। সভা শেষে রেমিট্যান্স যোদ্ধাদের প্রতিবন্ধী আত্মীয়-স্বজনদের মাঝে চেক বিতরণ করা হয়।
















