জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে ও বিডি ক্লিনের সহযোগতায় রংপুরে শ্যামাসুন্দরী খাল পরিস্কার পরিচ্ছন্ন কাজের উদ্বোধন করা হয়। । শনিবার (১১ মে) সকালে শ্যামাসুন্দরী খাল পরিস্কার পরিচ্ছন্নকরণ ও জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন।অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জ অতিরিক্ত ডিআইজি রশিদুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, রংপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহানাজ বেগম ।
প্রায় ১৫ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ এবং স্থানভেদে ২৩ থেকে ৯০ ফুট প্রশস্ত এই খাল সিটি এলাকার উত্তর পশ্চিমে কেল্লাবন্দস্থ ঘাঘট নদী থেকে শুরু হয়ে নগরীর সব পাড়া-মহল্লার বুক চিরে ধাপ পাশারিপাড়া, কেরানীপাড়া, মুন্সীপাড়া, ইঞ্জিনিয়ারপাড়া, গোমস্তাপাড়া, সেনপাড়া, মুলাটোল, তেঁতুলতলা শাপলা চত্বর, নূরপুর, বৈরাগিপাড়া হয়ে মাহিগঞ্জ সাতমাথা রেলগেট এলাকায় কেডি ক্যানেল স্পর্শ করে খোকসা ঘাঘট নদীতে মিশেছে। দীর্ঘদিন ধরে দখল আর দূষণে ভরা এই শ্যামাসুন্দরী খাল নগরবাসীর দুর্ভোগের অন্যতম একটি কারণ হিসেবে দেখা দিয়েছে। পানি প্রবাহের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই উপচে পড়ে বাড়িঘর ডুবে যেত।
পরিস্কার পরিচ্ছন্নকরণ হলে ময়লা- আবর্জনা ও মশার অভয়াশ্রম খ্যাত এই খাল অবশেষে কিছুটা হলেও স্বস্তি দেবে নগরবাসীকে। সেইসঙ্গে সৌন্দর্য ফিরে পাচ্ছে শ্যামাসুন্দরী। প্রায়১৬ কিলোমিটার দীর্ঘ এই খালটি ১৮৯০ সালে খনন করা হয়। স্থানীয়দের মতে, খালটি প্রথমে ৬০ থেকে ১০০ ফুট চওড়া হলেও এখন এটি সরু নালায় পরিণত হয়েছে। এর পানি কালো হয়ে গেছে। সঙ্গে তীব্র দুর্গন্ধ। স্থানীয় ইতিহাসবিদদের মতে, ১৯ শতকের শেষের দিকে মশাবাহী ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের কারণে রংপুরে অনেক লোক মারা যায়। নিহতদের মধ্যে ছিলেন রংপুরের মহারানী শ্যামাসুন্দরী।
মৃত্যুর পর, তার ছেলে রাজা জানকী বল্লব মশার প্রজনন মোকাবিলায় রংপুর শহরে একটি খাল খননের উদ্যোগ নেন। খালটি খনন করে তার মায়ের নামে নামকরণ করেন। সেই থেকেই খালটি রংপুরে শ্যামাসুন্দরী খাল নামে পরিচিত। এর জল ছিল স্বচ্ছ। নগরবাসী সেখানে গোসল করতেন। কিন্তু, খালটি এখন মশা উৎপাদনের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। এমনকি খালটি এখন স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান স্থানীয়রা।
















