সর্বশেষ
সর্বশেষ

শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কারের ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

বঙ্গভবন , শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থা ও রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছিল। এসব মানহীন প্রতিষ্ঠান থেকে উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি হয়েছে এবং বিপুলসংখ্যক সম্ভাবনাময় তরুণ হতাশার মধ্যে পড়েছেন।

অনেক বিশ্ববিদ্যালয়কে ব্যবসা ও অতিরিক্ত মুনাফার কেন্দ্রে পরিণত করা হয়েছিল উল্লেখ করে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

শুধু বিশ্ববিদ্যালয় বা ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে উচ্চশিক্ষার সাফল্য পরিমাপ করা যায় না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানই একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্যের প্রকৃত মাপকাঠি।’

দেশে বিভিন্ন ধারার শিক্ষাব্যবস্থা থাকার কারণে সুযোগ, গুণগত মান ও দক্ষতার ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন রাষ্ট্রপতি।

শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে।

এছাড়া বৈশ্বিক জ্ঞান ও অভিজ্ঞতা গ্রহণের পাশাপাশি দেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উচ্চশিক্ষার সঙ্গে শ্রমবাজারের চাহিদার আরও নিবিড় সংযোগ তৈরির কথাও বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, কর্মসংস্থানমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম তৈরি এবং ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, ‘তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।’

উচ্চশিক্ষায় গবেষণা ও উদ্ভাবনের গুরুত্বের ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, নতুন জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনে উৎসাহ দেওয়ার পাশাপাশি গবেষণার ফলাফল যেন মানুষের কল্যাণে কাজে লাগে, সেদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে মনোযোগ দিতে হবে।

শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কারের ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
স্নাতকদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬। ছবি: বঙ্গভবন
ভৌতবিজ্ঞান, অণুজীববিজ্ঞান, বিপন্ন ভাষা সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে আইইউবির গবেষণায় অবদানের কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়টির প্রশংসা করেন রাষ্ট্রপতি।

তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মান আরও উন্নত করবে।

আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থী যেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ডিজিটাল প্রযুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এসব প্রযুক্তি অভূতপূর্ব সুযোগ তৈরি করেছে। সেই সঙ্গে প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার বিষয়েও সতর্ক করেন তিনি।

এ ধরনের নির্ভরশীলতা যেন স্বাধীন চিন্তা, সৃজনশীলতা ও বিচারবোধকে দুর্বল না করে, সে বিষয়ে গুরুত্ব দেন তিনি।

প্রযুক্তির নৈতিক ব্যবহার ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার ওপরও জোর দেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, ‘প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, তা কখনোই মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।’

সমাবর্তনে উপস্থিত স্নাতকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন শুধু সনদ গ্রহণের আনুষ্ঠানিকতা নয়; এটি বছরের পর বছর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার স্বীকৃতি এবং নতুন দায়িত্ব গ্রহণের অঙ্গীকার।

তিনি স্নাতকদের স্মরণ করিয়ে দেন, সনদ অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু একজন ভালো মানুষ হয়ে ওঠার প্রক্রিয়া কখনও শেষ হয় না।

দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেদের শিক্ষা ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, যাদের শ্রম ও অবদানে অর্থনীতির চাকা সচল থাকে, সেই সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

রাষ্ট্রপতি স্নাতকদের সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং সততা ও নৈতিকতা বজায় রাখারও আহ্বান জানান।

তিনি স্নাতকদের অভিনন্দন জানান এবং তাদের সাফল্যে অবদানের জন্য শিক্ষক, মা-বাবা ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের অব্যাহত সাফল্য ও অগ্রগতি কামনা করেন রাষ্ট্রপতি।

সমাবর্তনে আইইউবির উপাচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্য, এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান ও সদস্য, শিক্ষক, গবেষক, স্নাতক, অভিভাবক ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]