জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও এর প্রতিবাদে ও ৬ দফা দাবীতে মানববন্ধন করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় নগরীর প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব রংপুর জেলার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর ক্যাবের সভাপতি দিলীপ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মিঠু, জেলার সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংবাদিক এ এইচ এম আমিরুল ইসলাম রাজু, মহানগরের সহ-সভাপতি হাসান ফেরদৌস রাসেল,
সহসাধারণ সম্পাদক ফরহাদ হাসান, কোষাধ্যক্ষ আলম আহমেদ, কার্যকরী সদস্য সাংবাদিক হুমায়ুন কবীর মানিক। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ভোজ্যতেলের বাজারে আবারও অস্থিরতা ও সিন্ডিকেটের দৌরাত্ম্য স্পষ্ট হয়ে উঠেছে। সাম্প্রতিক গণমাধ্যমের হওয়ার প্রতিবাদে মানববন্ধন প্রতিবেদনে উঠে এসেছে, সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে সয়াবিন তেল প্রতি লিটারে ৩০ থেকে ৩৪ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে। কোথাও বোতলজাত তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, আবার কোথাও খোলা তেলের নামে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। এর ফলে সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন এবং তাদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে।
অথচ সরকার নির্ধারিত দামে খোলা সয়াবিন তেলের মূল্য ১৮৫ টাকা এবং বোতলজাত তেলের মূল্য ১৭০ টাকা হলেও বাস্তবে বাজারে বোতলজাত তেল ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এভাবে নির্ধারিত দামের চেয়ে লিটারে প্রায় ৩০ টাকা বেশি নেওয়া হচ্ছে। একইভাবে খোলা পাম তেলও নির্ধারিত ১৬২ টাকার পরিবর্তে ১৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে কঠোর নজরদারির অভাব এবং অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ার ফলে এই সিন্ডিকেট আরও শক্তিশালী হয়ে উঠছে। বক্তারা আরো বলেন, অনেক ক্ষেত্রে নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বাজারজাত করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
এসব ড্রামে পূর্বে ব্যবহৃত রাসায়নিকের অবশিষ্টাংশ তেলের সঙ্গে মিশে গিয়ে দীর্ঘমেয়াদে ক্যান্সার, লিভার ও কিডনি রোগসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়াতে পারে। ফলে ভোক্তারা একদিকে যেমন বেশি দাম দিচ্ছেন, অন্যদিকে অনিরাপদ খাদ্য গ্রহণে বাধ্য হচ্ছেন। এসময় রংপুর জেলা ও মহানগর এবং বিভিন্ন উপজেলা ক্যাবের সদস্যগণ মানববন্ধনে অংশ নেন।
















