বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপি-র মৃত্যুতে চীফ হুইপের শোক
ঢাকা, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি একাদশ জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
চীফ হুইপ তাঁর রুহের মাগফেরাত কামনা এবং শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, রোববার (৫ ফেব্রুয়ারি ২০২৩) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
প্রসঙ্গত, মোছলেম উদ্দিন আহমদ এমপি ১৯৭০ সালে চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। একাদশ জাতীয় সংসদে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
















