জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া (খচঊগওঝ) ভুক্ত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ ইউনাইটেড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক মন্ত্রী ও এমপিদের দলীয়করণও গাফিলতির কারণে জাতীয়করণের মুখ দেখেনি বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো।
২০১৩ সালে ২৬ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। তখন বেশ কিছু প্রতিষ্ঠান বাদ পড়েছে। জাতীয়করণ বঞ্চিত সেসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করাই আমাদের প্রধান দাবি। জাতীয়করণ বঞ্চিত প্রায় ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণ করতে হবে। প্রয়োজনে দাবি আদায়ে আবারও অনশনে যাবেন তারা।
মানববন্ধনে বাংলাদেশ ইউনাইটেড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির রংপুর জেলা শাখা সভাপতি বলেন, তৃতীয় ধাপে জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষকদের চাকরি সরকারিকরণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে অসহায় শিক্ষক পরিবারগুলোকে সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ দিন। জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি পালন করবেন বলে জানান শিক্ষকরা।
মানববন্ধনে বাংলাদেশ ইউনাইটেড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক, আবু বক্কর সিদ্দিক, মাহমুদুল হাসান, সমতুল্লা মিয়াসহ অন্যরা অংশ নেন।
















