সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর মেডিকেলে নাক দিয়ে সফল ব্রেইন টিউ/মার অপ/সারণ, বিনামূল্যে মিলছে পাঁচ লাখ টাকার অ/স্ত্রো/পচার

রংপুর মেডিকেলে নাক দিয়ে সফল ব্রেইন টিউ/মার অপ/সারণ, বিনামূল্যে মিলছে পাঁচ লাখ টাকার অ/স্ত্রো/পচার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

এক সময় যে জটিল ব্রেইন টিউমারের অস্ত্রোপচারের জন্য রোগীদের ঢাকামুখী হতে হতো কিংবা বেসরকারি হাসপাতালে গুনতে হতো প্রায় পাঁচ/সাত লাখ টাকা, সেই আধুনিক অস্ত্রোপচার এখন সফলভাবে সম্পন্ন হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

নাকের পথ দিয়ে আধুনিক এন্ডোস্কোপিক (ট্রান্সনেজাল) পদ্ধতিতে অস্ত্রোপচার করে ব্রেইন টিউমার (পিটুইটারি টিউমার) অপসারণে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ। আর এই ব্যয়বহুল চিকিৎসা সরকারি হাসপাতালে রোগীরা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দক্ষ চিকিৎসক, আধুনিক প্রযুক্তি ও সমন্বিত চিকিৎসাসেবার মাধ্যমে এখন উত্তরাঞ্চলের মানুষ নিজ এলাকাতেই আন্তর্জাতিক মানের নিউরোসার্জারি সেবা পাচ্ছেন। ফলে এ ধরনের রোগীদের অযথা বাইরে না গিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

এই সাফল্যের সর্বশেষ উদাহরণ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের ৩৩ বছর বয়সী আইয়ুব আলী। গত ২২ জুন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা প্রায় ১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার ব্রেইন টিউমার (পিটুইটারি টিউমার) সফলভাবে অপসারণ করা হয়।

অস্ত্রোপচার পরিচালনা করেন নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তোফায়েল হোসেন ভূঁইয়ার নেতৃত্বাধীন বিশেষজ্ঞ দল। দলে ছিলেন সহযোগী অধ্যাপক ডা. রাজ কুমার রায়, ডা. হাবিবুর রহমান হাবিব, ডা. শামীমা সুলতানাসহ বিভাগের রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার ও রেসিডেন্ট চিকিৎসকরা।

রোগীর বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, “আমার ভাইয়ের অপারেশন ও চিকিৎসাসেবায় আমরা অত্যন্ত সন্তুষ্ট। আগে শুনেছিলাম রংপুর মেডিকেলে ভালো চিকিৎসা হয় না। কিন্তু এখানে এসে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিয়েছেন। যাদের এ ধরনের সমস্যা রয়েছে, তারা নিশ্চিন্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারেন।”

নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডা. সাব্বির আহমেদ বলেন, “নাক দিয়ে এন্ডোস্কোপিক পদ্ধতিতে ব্রেইন টিউমার অপসারণের চিকিৎসা আমরা সম্প্রতি নিয়মিতভাবে শুরু করেছি। ইতোমধ্যে একাধিক রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সবাই ভালো আছেন এবং স্বাভাবিক জীবনে ফিরছেন।”

সহকারী রেজিস্ট্রার ডা. নাসিম মোরশেদ বলেন, “আইয়ুব আলীর টিউমারটি ছিল অত্যন্ত জটিল। আধুনিক এন্ডোস্কোপিক প্রযুক্তি ও ক্যামেরার সাহায্যে কোনো ধরনের বড় কাটা-ছেঁড়া ছাড়াই আমরা টিউমারটি সফলভাবে অপসারণ করতে সক্ষম হয়েছি। অস্ত্রোপচারের পর রোগীর কোনো জটিলতা দেখা দেয়নি। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।”

চিকিৎসকদের মতে, এন্ডোস্কোপিক ট্রান্সনেজাল পদ্ধতিতে অস্ত্রোপচারের ফলে রোগীর শরীরে বড় ধরনের কাটা লাগে না, রক্তক্ষরণ তুলনামূলক কম হয়, সংক্রমণের ঝুঁকি হ্রাস পায় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকারি এই হাসপাতালে বর্তমানে ব্রেইন টিউমারসহ বিভিন্ন জটিল নিউরোসার্জারি সফলভাবে সম্পন্ন হচ্ছে। অথচ একই ধরনের অস্ত্রোপচারে বেসরকারি হাসপাতালে রোগীদের কয়েক লাখ টাকা ব্যয় করতে হয়।

তাই অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়ে রোগীদের সরকারি এই বিশেষায়িত সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। তাদের ভাষ্য, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও আন্তরিক চিকিৎসাসেবার মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরাঞ্চলের মানুষের আস্থার কেন্দ্রে পরিণত হচ্ছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM