জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে রংপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জিলা স্কুল মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রংপুরের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন রংপুর বিভাগের পরিচালক স্হানীয় সরকার আবু জাফর।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। পরে অতিথিদের স্টল পরিদর্শন করা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জার অতিরিক্ত ডিআইজি মমতাজ উদ্দিন, পুলিশ সুপার রংপুর মোহাম্মদ মোজাম্মেল হক, আরপিএমপি’র উপ পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম।
আলোচনা শেষে উপস্থিত দর্শনার্থী ও শিক্ষার্থীদের মাঝে ফ্রি গাছের চারা বিতরণ করা হয়।
উল্লেখ্য- উদ্বোধনী ১৫ দিন ব্যাপী মেলাটি ৩০ টি স্টল প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে। জানা যায় চাহিদা অনুযায়ী মেলার সময় বৃদ্ধি করা হতে পারে।
















