সর্বশেষ
সর্বশেষ

সংঘটনের পর ব্যবস্থা নয়, প্রযুক্তিনির্ভর নজরদারি ও সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধ করতে চাই : প্রতিমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / ঢাকা, ২৯ কার্তিক (১৪ নভেম্বর):

অপরাধ সংঘটনের পর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে প্রযুক্তির কার্যকর ব্যবহার, পরিকল্পিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ রাজধানীর মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, সিসিটিভি নজরদারি এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে নিরাপদ, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি নজরদারি নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। বর্তমানে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে মোট ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, আসাদগেটসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থল এই নজরদারি নেটওয়ার্কের আওতায় রয়েছে। আগামী এক বছরের মধ্যে এই ক্যামেরার সংখ্যা কয়েকশতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, কোন এলাকায় অপরাধের প্রবণতা বেশি, কোথায় অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে—সেসব বিষয় চিহ্নিত করতে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগিতায় অপরাধপ্রবণ স্থানগুলোর তালিকা তৈরি করা হয়েছে। মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের থানা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব স্থানে ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতেও বিশেষায়িত গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহায়তা পেয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, এই নজরদারি ব্যবস্থার আওতা আরও সম্প্রসারণ করা হবে। শুধু পুলিশ বা ট্রাফিক বিভাগের সাথে নয়, এলাকার দায়িত্বশীল ব্যক্তিদের সম্পৃক্ত করেও একটি সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে মহল্লাভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদ ও মন্দির কমিটি, মার্কেট কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এসব কমিটিতে সম্পৃক্ত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সবার জন্য উন্মুক্ত করা হবে না। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট থানা, ট্রাফিক বিভাগ এবং দায়িত্বপ্রাপ্ত মহল্লা কমিটির নির্ধারিত প্রতিনিধিরাই প্রয়োজন অনুযায়ী এসব ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি প্রতিটি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের উৎসাহিত করা হচ্ছে। এসব ক্যামেরার সাথে সমন্বিত নজরদারি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

চলমান পাতা-২

পাতা-২

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ একসাথে পর্যবেক্ষণ করা পুলিশের জন্য কঠিন হয়ে উঠতে পারে। এ কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত করে সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা হবে।

আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যানজট কমাতে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিয়া মসজিদ, আসাদগেট এবং ধানমন্ডি ২৭ নম্বর আই হসপিটাল সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু রয়েছে। আগামী দুই মাসের মধ্যে ডিআরএমসি স্কুলের পশ্চিম গেট, নূরজাহান রোড এবং শম্পা মার্কেটের প্রবেশপথসহ আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অপরাধ সংঘটনের পর অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি অপরাধ সৃষ্টির সামাজিক ও অর্থনৈতিক কারণগুলোও দূর করতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং নতুন ব্যবসায়িক উদ্যোগের সুযোগ সৃষ্টি করা জরুরি। এ লক্ষ্যে বসিলা ও বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকার উন্নয়ন ও পুনর্বাসন নিয়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনা চলছে। পাশাপাশি বিজিএমইএ, এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সাথে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা করা হচ্ছে। বসিলা পলিটেকনিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শিক্ষাগত ও দক্ষতা উন্নয়ন উদ্যোগ নিয়েও পরিকল্পনা এগিয়ে চলছে।

বিহারি ক্যাম্পের মাদক সমস্যার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ক্যাম্পের প্রবেশ ও বহির্গমন পথগুলো সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এসব এলাকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগ, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা এবং স্পেশাল রেসপন্স ব্যাটিলিয়ন (এসআরবি) প্রতিনিধিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]