স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
বেলাবো (নরসিংদী), ১৫ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি): স্বাস্থ্য খাতে শূন্য পদগুলো দ্রুত পূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল।
আজ নরসিংদীর বেলাবো উপজেলা প্রাঙ্গণে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুনভাবে নতুন উদ্যমে স্বাস্থ্য সেবাকে বর্ধিত করার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা দিয়েছি। দেশব্যাপী জনবল সংকট রয়েছে। এগুলোকে অতিক্রম করে কিভাবে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়, জনগণের দোরগোড়ায় কিভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায় সেজন্য আমরা সার্বিকভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ শুরু করেছি।
সভায় বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















