জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বর্তমানে অভিভাবক হীন হয়ে পড়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। খুব অল্প সময়ের মধ্যে পরিচালক নিয়োগের দাবি জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বৃন্দের পক্ষ থেকে ডাঃ মোঃ রিয়াজ শরীফ লিমন (পাঠান) ও ডাঃ মোঃ আশফাক আহমেদ। শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে এ সব তথ্য জানান তারা।
এ সময় তারা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পদায়িত পরিচালক যোগদান না দেওয়ায়, দুর্নীতির ফিরিস্তি এবং আন্দোলনে আহতদের সঠিক চিকিৎসা প্রদান অসম্ভব হয়ে পড়েছে। ডাঃ মোঃ জাফরুল হোসেনকে গত ২২ আগস্ট/২৪ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক হিসেবে নিয়োগ করা হলেও অদ্যবধি তিনি যোগদান করেন নাই। ফলস্বরুপ ১৬ দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল অভিভাবক শুন্য রয়েছে। এ শূন্যতাকে কাজে লাগিয়ে পূর্ববর্তী দালাল সিন্ডিকেট চক্র আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। এমতাবস্থায় হাসপাতালে চিকিৎসকদের জন্য চিকিৎসা প্রদান এবং রোগীদের চিকিৎসা গ্রহণে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
তারা আরো বলেন, সাধারন রোগির পাশাপাশি গত জুলাই/২৪ এর বিপ্লবে আহত আন্দোলন কারীদের সুচিকিৎসা প্রদানেও ব্যাঘাত ঘটছে। তাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ চিকিৎসক ও রোগীদের স্বার্থে একজন সৎ, দক্ষ ও আদর্শবান পরিচালক দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ এবং মেডিকেলের দালাল সিন্ডিকেট উৎখাতে অর্ন্তর্বতীকালীন সরকার এর সুদৃষ্টি কামনা করছি। এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বৃন্দরা উপস্থিত ছিলেন।














