জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে খোলাবাজারে ৩৫টাকা কেজিতে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল (১লা অক্টোবর) বেলা ১২টায় রংপুর কাচারী বাজার র্পোস্ট অফিসের সামনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে এক টাকা কমে ৩৫ টাকা কেজি দরে খোলাবাজারে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। তিনি এ কার্যক্রমের উদ্বোধন করে সাংবাদিকদের বলেন, কয়েক দিন খোলাবাজারে আলু বিক্রি হলে বাজারে আলুর চাহিদা কমবে, তখন দামও কমে আসবে।
জেলা প্রশাসক আরও বলেন, বাজারে আলুর অস্থিরতা রোধে ইতোমধ্যে কোল্ড স্টোরেজ মালিক ও ব্যবসায়ী এবং চাষিদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। বাজারে আলুর নিয়ন্ত্রণে সরকার দাম নির্ধারণ করে দিয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ জেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এরই মধ্যে রংপুর জেলার আলু চাষি ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ থেকে ৩৫ টাকা কেজি দরে খোলাবাজারে আলু বিক্রি শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বনিক প্রমুখ।
আলু চাষি ও ব্যবসায়ী সমিতির নেতারা জানিয়েছেন, রংপুর মহানগরীতে চারটি ট্রাকে করে তিন টন করে মোট ১২ টন আলু প্রতিদিন খোলাবাজারে বিক্রি করা হবে। এর মধ্যে নগরীর কাচারীবাজার ডাকঘর সংলগ্ন পয়েন্ট, জাহাজ কোম্পানি মোড় মুক্তিযোদ্ধা সংসদ ভবন ও শাপলা চত্বরে স্থায়ীভাবে ট্রাকে করে আলু বিক্রি হবে। এছাড়া একটি ট্রাক ভ্রাম্যমাণ হিসেবে নগরীর বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে আলু বিক্রি করবে।
















