জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের হার্ট সেন্টারের ৯০ দিনের সাফল্য এবং আগামীতে হার্টের বাইপাস সার্জারি Coronary Artery Bypass Grafting (CABG) চালু করার পরিকল্পনা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এভারকেয়ার হাসপাতাল, ঢাকা-র কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জন ডা. সোহেল আহমেদ। তিনি বলেন,
“রংপুর অঞ্চল একটি বিশাল পেশেন্ট ব্যাংক। এত রোগীকে ঢাকায় গিয়ে চিকিৎসা নেওয়া কঠিন। এখানে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল একটি অত্যাধুনিক ক্যাথল্যাব তৈরি করেছে। এই অঞ্চলের মানুষের হার্ট কেয়ারে নিবেদিতভাবে কাজ করছে এখানকার কার্ডিওলজিস্ট ও ডাক্তারবৃন্দ। আমরা এভারকেয়ার হাসপাতালের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আনন্দিত। হার্ট সার্জারির ক্ষেত্রে এভারকেয়ার হাসপাতাল রংপুর কমিউনিটি মেডিকেল কলেজকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। আমরা এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার। সেমিনার পরিচালনায় ছিলেন রংপুর গ্রুপ ও হার্ট সেন্টারের চিফ কো-অর্ডিনেটর ও পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা। এছাড়া সমাদৃত অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আজহারুল ইসলাম (আজাদ), ডা. হাসানুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুল্লাহ-আল-মাহমুদ প্রমুখ।














