দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩২তম বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ০২ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ:
একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩২তম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মোঃ আফতাব উদ্দিন সরকার এবং কানিজ সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে উপকুলীয় অঞ্চলে বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ (সংশোধিত) প্রকল্প সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ; গ্রামীণ রাস্তায় কম-বেশী (১৫ মি: দৈর্ঘ্য পর্যন্ত) সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, গত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
গ্রামীণ রাস্তার কম-বেশি (১৫ মি: দৈর্ঘ্য পর্যন্ত) সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের রাস্তাগুলো রক্ষণাবেক্ষণের জন্য বাজেটে বরাদ্দ রাখা এবং সেতু/কালভার্ট নির্মাণের ক্ষেত্রে প্রাপ্ত তালিকাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার বিষয়ে বৈঠকে গুরুত্বারোপ করা হয়।
কাবিখা প্রকল্পের সুবিধা সরাসরি শ্রমিকের নিকট পৌঁছানোর প্রয়োজনীয় কর্মপন্থা প্রস্তুত করে বাস্তবায়ন করার সুপারিশ করা হয়।
“এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না”- প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে গ্রামীণ রাস্তার পাশে ফসল ফলিয়ে খাদ্যের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়।
বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্য, ভাষা আন্দোলনে শহিদ ও প্রয়াত সংসদ সদস্যগণের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং প্রধানমন্ত্রী, স্পীকার, অন্যান্য সংসদ-সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
















